মায়ানমারের রাখাইন রাজ্যে একটি হাসপাতালে সেনাবাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন।
ঘটনাস্থলে থাকা এক সাহায্যকর্মী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া নির্বাচনের আগে পুরো অঞ্চলে তীব্র অভিযানে নেমেছে জান্তা সরকার।
২০২১ সালের অভ্যুত্থানের পর গৃহযুদ্ধ শুরুর পর থেকেই বিমান হামলার মাত্রা বাড়িয়েছে সেনাবাহিনী। নির্বাচনকে শান্তির “সম্ভাব্য পথ” হিসেবে তুলে ধরলেও বিদ্রোহীরা জানিয়েছে, নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় ভোট গ্রহণ তারা বাধা দেবে। এসব এলাকা পুনর্দখল করতেই জোরদার হামলা চালাচ্ছে সামরিক বাহিনী।
বুধবার রাত ৯টার দিকে বাংলাদেশের সীমান্তবর্তী ম্রাউক উ শহরের জেনারেল হাসপাতালে এই বিমান হামলা চালানো হয়। সাহায্যকর্মী ওয়াই হুন আং জানান, “পরিস্থিতি ভয়াবহ। এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পেয়েছি, সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন অন্তত ৬৮ জন।”
রাতে হাসপাতালের বাইরে সাদা কাপড়ে মোড়ানো অন্তত ২০টি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। সকাল হলে হাসপাতালের একটি পূর্ণাঙ্গ ভবন ধসে মাটিতে মিশে গেছে বলে দেখা যায়। ধ্বংসস্তূপে ওয়ার্ডের বিছানা, চিকিৎসা সরঞ্জাম আর শরীরের অংশবিশেষ ছড়িয়ে-ছিটিয়ে ছিল। হাসপাতালের সামনের একটি বড় গাছও বিস্ফোরণে অর্ধেক ভেঙে পড়ে। বাইরে জমিনে সৃষ্টি হয়েছে একটি বড় গর্ত— হামলার তীব্রতার প্রমাণ।
স্থানীয় বাসিন্দা ও কাঠমিস্ত্রি মাউং বুচে জানান, হামলায় তার স্ত্রী, পুত্রবধূ ও তার শ্বশুর মারা গেছেন। “রাতে বিস্ফোরণের শব্দ শুনেছিলাম। কিন্তু কোথায় পড়েছে জানতাম না। পরে জানতে পারি তারা ধ্বংসস্তূপের মধ্যে ছিলেন। বুঝলাম আর কেউই বাঁচেনি,” তিনি বলেন।
বর্তমানে রাখাইনের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী আরাকান আর্মি (এএ)। এএ–র স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামলার সময় হাসপাতালে থাকা ১০ রোগী ঘটনাস্থলেই নিহত হন। সেনাবাহিনী–বিদ্রোহী সংঘাতের বর্তমান পর্যায়ে এএ সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি হিসেবে উঠে এসেছে।
চীনের মধ্যস্থতায় এএ–র সহযোগী অন্য দুটি গোষ্ঠী যুদ্ধবিরতি করায় এখন এএ একাই জান্তার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। সংঘাত পর্যবেক্ষকদের মতে, রাখাইনের ১৭টি উপজেলার মধ্যে ১৪টিই এখন এএ নিয়ন্ত্রণে।
এদিকে বহুদিনের অবরোধে পুরো রাজ্যে মানবিক সংকট আরও ঘনীভূত হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, অঞ্চলটিতে ক্ষুধা ও অপুষ্টির হার “নাটকীয়ভাবে বৃদ্ধি” পেয়েছে। সূত্র: ফ্রান্স ২৪
মেহেদী/