জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের সম্ভাব্য উপায় সম্পর্কে সরকারের কাছে একাধিক সুপারিশ উপস্থাপন করবে জাতীয় ঐকমত্য কমিশন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে জুলাই সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের সঙ্গে আয়োজিত ভার্চুয়াল সভায় এমন সিদ্ধান্ত নেয় কমিশন।
সভায় বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন - সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া, ব্যারিস্টার তানিম হোসেইন শাওন ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক।
আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাবিত গণপরিষদ গঠন, সংবিধান আদেশ জারি, ১০৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের অভিমত বা উপদেশ গ্রহণ এবং গণভোট আয়োজনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয় যে, ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের সম্ভাব্য উপায় সম্পর্কে সরকারের কাছে একাধিক সুপারিশ উপস্থাপন করবে।
আলোচনায় কমিশনের পক্ষে অংশ নেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া।
এছাড়া জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও এতে যুক্ত ছিলেন৷
এলিস/অমিয়/