চট্টগ্রামে তৃণমূল পর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘাতের ঘটনা দিন দিন বাড়ছে। একাধিক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, পদবঞ্চিত হওয়ার ক্ষোভ এবং বালু-মাটির ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে হত্যার মতো ঘটনা ঘটছে। গত ৫ আগস্টের পর হামলা, খুন, গোলাগুলি, হানাহানির জন্য রাউজান ছিল সবচেয়ে বেশি আলোচনায়। এই উপজেলায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার এবং কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মধ্যে বিরোধ রয়েছে। উভয় নেতার অনুসারীদের মধ্যে প্রতিনিয়ত কোথাও না কোথাও সংঘাত হচ্ছে। এমনকি ভুল টার্গেটে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনাও এই উপজেলায় ঘটেছে। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই উপজেলায় সবচেয়ে বেশি সংঘাতের ঘটনা ঘটেছে।
এদিকে হামলা, হানাহানি ও খুনের ঘটনায় মিরসরাই উপজেলা রাউজানকেও ছাড়িয়ে গেছে। এই উপজেলায় বিএনপির রাজনীতিতে দুই আমিনের নাম বেশি চর্চা হয়ে থাকে। তারা দুইজনই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
২০০৩ সালের ১৩ এপ্রিল ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর একজন ‘চেয়ারম্যান আমিন’ হিসেবে পরিচিতি পান। ১০ বছর পর তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। অন্যজনের গায়ের রং শ্যামলা হওয়ায় তাকে ‘কালা আমিন’ ডাকা হয়। ২০১৪ সালের পর থেকে মিরসরাইয়ে প্রকাশ্যে আসে দুই আমিনের দ্বন্দ্ব। গত বছরের ৫ আগস্ট থেকে মিরসরাই বিএনপির এই গ্রুপিং রাজনীতিতে চেয়ারম্যান আমিন গ্রুপের সমর্থকদের নামে কিশোর গ্যাং, চাঁদাবাজি, দখল, হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।
খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর বিজয় মিছিল করতে গিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হওয়ার ঘটনা থেকে গত ৮ মাসে দুই গ্রুপের হানাহানিতে শতাধিক দলীয় নেতা-কর্মী আহত এবং ৫ জন দলীয় কর্মী খুন হয়েছেন।
জানতে চাইলে নুরুল আমিন (যাকে সবাই কালা আমিন নামে চেনেন) খবরের কাগজকে বলেন, ‘৫ আগস্টের পর চাঁদাবাজি, মাটি-বালুর ব্যবসায় আধিপত্য বিস্তার করতে গিয়ে নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে তাতে দলের ইমেজ ক্ষুণ্ন হয়েছে। দলের হাইকমান্ড তারেক রহমানের নির্দেশনা রয়েছে, যারা দলের ইমেজ নষ্ট করবে তারা পদ-পদবি পাবে না। মিরসরাইয়েও তাই হয়েছে। তাদের দমাতে হলে দলের হাইকমান্ডকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। এরকম কয়েকজন লোক দলে না থাকলে বিএনপির মতো বড় দলের কিছু আসে যায় না।’
এদিকে বক্তব্য নিতে ফোন করা হলেও নুরুল আমিন চেয়ারম্যান রিসিভ করেননি। তবে তার অনুসারী হিসেবে পরিচিত মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন খবরের কাগজকে বলেন, ‘মিরসরাইয়ে যেসব খুন হয়েছে তার একটিও মাটি-বালু ব্যবসার জন্য নয়।’
উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ার বিষয়টি স্বীকার করে নিয়ে তিনি জানান, নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। হানাহানির নেপথ্যে দলীয় প্রতিপক্ষ, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামীকে দায়ী করেন তিনি।
এ ছাড়া ২৬ মার্চ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক পথচারী নিহতের ঘটনার জন্য তিনি উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে দায়ী করেন। বলেন, ‘প্রতিটি উপজেলা বিএনপির মধ্যে গ্রুপিং আছে। তিনি (গোলাম আকবর) একটি গ্রুপকে প্রাধান্য দিয়ে কমিটি ঘোষণা করেছেন। যে কারণে ২৬ মার্চ সংঘাতের ঘটনা ঘটেছে।’
এদিকে, সীতাকুণ্ডে ২৬ মার্চ উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। নিজ বাড়ির মাত্র ৩০০ গজ দূরে তাকে কোপানো হয়। চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল একে গুপ্তহত্যা বলে উল্লেখ করেন। এদিকে মাটি-বালু ব্যবসা নিয়ে প্রতিনিয়ত সংঘাত হচ্ছে ফটিকছড়ি, রাঙ্গুনীয়া, সন্দ্বীপ, হাটহাজারীসহ অন্যান্য উপজেলায়ও।
নবঘোষিত মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আওয়াল চৌধুরী খবরের কাগজকে বলেন, ‘কিছু স্বার্থান্বেষী বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের সতর্ক করছেন। চাঁদাবাজি, দখলবাজি এসব কারণে এই অস্থিরতা। যেখানে লাভ-লোভের বিষয় থাকে সেখানে সমস্যা সৃষ্টি হচ্ছে।’
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, ‘দায়িত্বশীলরা প্রায় আড়াই বছরেও মিরসরাইয়ে কমিটি করতে পারেননি। তারা দুই ভাগে বিভক্ত হওয়ায় বলতে গেলে কোনো কাজই করতে পারেনি। তাই কয়েক দিন আগে মিরসরাইয়ের বিরোধপূর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটি দিয়েছি।’
তিনি জানান, ৫ আগস্টের পর চাঁদাবাজি, বালু ও মাটির ব্যবসা নিয়ে কিছু নেতা-কর্মী সক্রিয় হয়ে উঠেছে। দলের নাম ভাঙিয়ে তারা এসব অপকর্ম করছে। যারা অপকর্ম করেছে এবং করছে, যাদের মাধ্যমে দলের ইমেজ ক্ষুণ্ন হচ্ছে তাদেরকে কমিটিতে রাখা হয়নি। মূলত সন্ত্রাসী-চাঁদাবাজরাই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।