স্টিয়াটো হেপাটাইটিস বর্তমান বিশ্বে এক নীরব মহামারি। এটি ‘ফ্যাটি লিভার ডিজিজ’-এর এক জটিল পর্যায়। বিশ্বজুড়ে প্রায় সাড়ে ১১ কোটি মানুষ ফ্যাটি লিভারে ভুগছেন। ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা দাঁড়াতে পারে ৩৫ কোটিতে। বাংলাদেশে প্রতি পাঁচজনের মধ্যে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত। প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ ফ্যাটি লিভারে ভুগছেন এবং এর মধ্যে প্রায় ১ কোটি মানুষের সিরোসিস বা লিভার ক্যানসার হওয়ার ঝুঁকি আছে। এ পটভূমিতে ন্যাশ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো ও এ রোগ প্রতিরোধের লক্ষ্যে ১২ জুন ২০১৮ গ্লোবাল লিভার ইনস্টিটিউটের উদ্যোগে সর্বপ্রথম আন্তর্জাতিক ন্যাশ দিবস পালিত হয়। পরবর্তী সময়ে প্রতি বছরের জুন মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আন্তর্জাতিক ন্যাশ দিবস পালিত হয়। লিভার আমাদের শরীরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। লিভারে মাত্রাতিরিক্ত চর্বি জমার ফলে ‘ফ্যাটি লিভার ডিজিজ’ হয়।
বর্তমান বিশ্বে ফ্যাটি লিভার একটি বড় সমস্যা। পেটের আলট্রাসনোগ্রাম করা হলে ১৮ বছরের তরুণ থেকে ৭০ বছরের বৃদ্ধ পর্যন্ত সবারই ফ্যাটি লিভার ডিজিজ ধরা পড়ছে। বাংলাদেশে প্রতি চারজনে একজন এ রোগে আক্রান্ত। তবে এটি একটি সুষম খাদ্য খাওয়া, সঠিক ওজন বজায় রাখা, ঘন ঘন ব্যায়াম করা এবং অ্যালকোহল সেবন থেকে বিরত থাকার মাধ্যমে প্রতিরোধ করা যেতে পারে। এ ছাড়া, লিভার সুস্থ আছে কি না তা নিশ্চিত করার জন্য নিয়মিত লিভার পরীক্ষা করা গুরুত্বপূর্ণ।
ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ
অলংকার শপিং কমপ্লেক্স, চট্টগ্রাম