আজকের যুবসমাজই আগামী দিনের নেতৃত্ব ও জাতির ভবিষ্যৎ। কিন্তু দুঃখজনকভাবে, এ মূল্যবান প্রজন্ম আজ মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত হচ্ছে। মাদক শুধু একজন মানুষের জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভিত্তি নড়বড়ে করে দেয়। মাদকাসক্ত তরুণরা শিক্ষার প্রতি অনাগ্রহী হয়ে পড়ে, নষ্ট হয় তাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ। বাড়ছে অপরাধ, ছিনতাই, পারিবারিক অশান্তি ও সামাজিক অস্থিরতা। মাদকদ্রব্য, যেমন- ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, আইস ও হেরোইনের সহজলভ্যতা যুবসমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য প্রয়োজন পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ। পরিবারকে হতে হবে সচেতন, সন্তানদের প্রতি রাখতে হবে নিবিড় নজর। শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি চালু করতে হবে এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও নৈতিক শিক্ষা জোরদার করাও জরুরি।
মাদকের আগ্রাসন রোধ করা মানে শুধু অপরাধ দমন নয়, বরং জাতির ভবিষ্যৎকে রক্ষা করা। আসুন, সবাই মিলে প্রতিজ্ঞা করি- নিজে মাদকমুক্ত থাকব, অন্যকেও মাদক থেকে দূরে রাখব। মাদকমুক্ত সমাজ গড়াই হবে আমাদের দায়িত্ব ও দেশপ্রেমের প্রকৃত প্রকাশ।
ওসমান গনি
সাংবাদিক ও কলামিস্ট
[email protected]