সময়ের প্রবাহে মানুষ যেন ক্রমশঃ হিংস্র থেকে হিংস্রতর হয়ে উঠেছে। মানবিক অবক্ষয়ের জোয়ারে মানুষ ভুলে যেতে বসেছে মানবিকতার মূল মন্ত্র! শিক্ষাহীন, নৈতিকতাহীন বিকৃত মানসিকতা নিয়ে মানুষ যেন ক্রমেই আঁধারের চোরাবালিতে নিমজ্জিত হচ্ছে! বড় বেশি বেপরোয়া ও আগ্রাসী হয়ে উঠেছে। ফলে সমাজ ও রাষ্ট্রে অন্যায় ও হিংস্রতা বেড়েই চলেছে। নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মতো ঘৃণিত কাজ সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। মাস মিডিয়া, সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই নারী ও শিশু নির্যাতন এবং জঘন্যতম পন্থায় শিশু ধর্ষণের সংবাদ আমাদের কাঁদিয়ে যায়। হৃদয়কে ব্যথিত করে যায়। শিশু ধর্ষণের ফলে পরিবার, সমাজ ও রাষ্ট্র যেমন লজ্জিত হয় তেমনি ক্ষতিগ্রস্ত হয় পরিবার। এটা স্বাধীন গণতান্ত্রিক দেশের জন্য চরম লজ্জার ও অপমানের বিষয়ও বটে। তাই এখনই ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর আইনের প্রয়োগ না করলে অদূর ভবিষ্যতে হয়তোবা তা মহামারি আকার ধারণ করবে। অতএব, শিশু ও নারীর নিরাপদ জীবনের জন্য নির্যাতনকারী এবং ধর্ষকসহ ইভ টিজারদেরও আইনের কঠোর আওতায় এনে দ্রুত বিচার করা এখন সময়ের দাবি। প্রগতিশীল রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে এর কোনো বিকল্প নেই।
হারুন অর রশীদ
পূর্ব নলছিয়া, বিনোদটঙ্গী, মাদারগঞ্জ, জামালপুর
[email protected]