ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ০৫ জুন ২০২৬

সর্বশেষ
স্বাধীনতার অবিনাশী ছাত্র ও যুব নেতৃত্ব চাকরি দিচ্ছে ওয়ালটন, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধি: জীবনযাত্রা হবে আরও ব্যয়বহুল বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নেইমারকে ছাড়াই খেলবে ব্রাজিল সুন্দর পুরুষ টিভিতে আজকের খেলা কেমন হবে মুমিনের হজ-পরবর্তী জীবন জীবন একদিন শেষ হয়ে যায়! ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩ বিষাদ-বেদনার আঙুলে চুমো খাও নির্বাচনের খরা কাটল মাসুদুজ্জামানের শান্তি নিদ্রা আব্বার সেই ম্লান হাসিটা আমাকে তাড়া করে বেড়িয়েছে বিশ্বকাপে নিষিদ্ধ পানির বোতল চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত যে বই কেউ ছাপতে চায়নি সেই বইয়ের বুকার জয় কেরানীগঞ্জে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে ভর্তি আরও ১৯ শিশু বেড়েছে মুরগি, কাঁচা মরিচ-কাঁচা পেঁপের দাম বাতাসে যেন আগুনের হলকা, কষ্টে প্রাণিকুল তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার গোপালগঞ্জে ইজিবাইকচাপায় স্কুলছাত্র নিহত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে চুয়াডাঙ্গায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড় শাহরাস্তিতে ১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গ্রেপ্তার গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষ, নিহত ২ ৬ ঘণ্টা পরে ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক কর্মস্থলে গরমে হাঁসফাঁস
Nagad desktop

রাবি ক্যাম্পাসে রিকশা ভাড়া নির্ধারণ জরুরি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:৩২ পিএম
রাবি ক্যাম্পাসে রিকশা ভাড়া নির্ধারণ জরুরি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ৭৫৩ একর জমির ওপর প্রতিষ্ঠিত দেশের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয়। প্রতিদিন হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী ক্যাম্পাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের জন্য রিকশার ওপর নির্ভরশীল। দুঃখজনক হলেও সত্য, ক্যাম্পাসে এখনো রিকশা ভাড়ার কোনো নির্দিষ্ট নীতিমালা কার্যকর হয়নি। ফলে যাত্রীদের প্রায়ই অতিরিক্ত ভাড়া গুনতে হয় এবং একই গন্তব্যে ভিন্ন ভিন্ন ভাড়া আদায়ের ঘটনা নিয়মিত ঘটছে। বিশেষ করে রাতের সময় কিংবা খারাপ আবহাওয়ায় এবং অনেক সময় শিক্ষার্থীর প্রয়োজনের ওপর ভিত্তি করে রিকশাচালক স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ভাড়া দাবি করেন। এতে শিক্ষার্থীদের বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হয়। অনেক সময় ভাড়া নিয়ে রিকশাচালকদের সঙ্গে শিক্ষার্থীদের বাগ্‌বিতণ্ডাও হয়, যা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সৌহার্দপূর্ণ পরিবেশের সঙ্গে মানানসই নয়। অন্যদিকে নির্ধারিত ভাড়া কার্যকর না থাকায় অনেক নতুন শিক্ষার্থী ও অভিভাবকও বিড়ম্বনার শিকার হন।

ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, যেমন- একাডেমিক ভবন, লাইব্রেরি, শহিদ মিনার এবং প্রতিটি হলের জন্য নির্দিষ্ট ভাড়া কার্যকর করা হলে এ সমস্যা অনেকাংশে কমে আসবে। প্রশাসনের উদ্যোগে দৃশ্যমান স্থানে ভাড়া তালিকা টানিয়ে দেওয়া এবং তা বাস্তবায়নে তদারকি করা প্রয়োজন। এতে যেমন শিক্ষার্থীরা স্বস্তি পাবে, তেমনি রিকশাচালকদের সঙ্গেও একটি সুস্থ ও স্বচ্ছ সম্পর্ক বজায় থাকবে।

খুশি আক্তার
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয় 
[email protected]

চামড়া নৈরাজ্য অর্থনীতির জন্য অশনিসংকেত

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম
চামড়া নৈরাজ্য অর্থনীতির জন্য অশনিসংকেত

এ বছর যারা কোরবানি দিয়েছেন তাদের চামড়া নিয়ে বড় ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে। সন্ধ্যা পর্যন্ত চামড়ার ক্রেতা এবং বিভিন্ন এতিম খানার জন্য যারা চামড়া সংগ্রহ করে থাকেন তাদের জন্য অপেক্ষা করেছেন। কিন্তু না কেউ চামড়া নিতে আসেনি। এদিকে চামড়া পচে গেলে দুর্গন্ধ শুরু হবে। অবশেষে অনেককে লোক ভাড়া করে চামড়া নদীতে ফেলতে হয়েছে, কেউ কেউ আবার মাটিতে পুঁতে দিয়েছেন। রাষ্ট্রের সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবে চামড়া খাত আজ গভীর সংকটে। পাইকাররা বছরের পর বছর লোকসানের কারণে গ্রামে চামড়া কিনতে যাননি। ট্যানারি মালিকদের বকেয়া পরিশোধে অনিয়মের প্রভাব পুরো সরবরাহ ব্যবস্থায় পড়েছে। অথচ বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত চামড়াশিল্প। একসময় যে চামড়া ৩-৪ হাজার টাকায় বিক্রি হতো, এখন তা ৬০০-৭০০ টাকাতেও বিক্রি করা কঠিন। ফলে মাদ্রাসা ও এতিমখানাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশের মূল্যবান সম্পদ নষ্ট হচ্ছে।

হাজি মো. রাসেল ভূঁইয়া
খলিফাবাড়ী, সিপাহীপাড়া, মুন্সীগঞ্জ
[email protected]

আছিয়া থেকে রামিসা: বিচার কোথায়?

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম
আছিয়া থেকে রামিসা: বিচার কোথায়?

বাংলাদেশে শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যা এখন এক সামাজিক মহামারিতে রূপ নিয়েছে। প্রতিদিন খবরের কাগজ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে আসে কোনো না কোনো শিশুর আর্তনাদ। ধর্ষণের পর হত্যা, লাশ গুমের চেষ্টা–প্রতিটি ঘটনাই সাময়িকভাবে আমাদের বিবেক নাড়া দেয়, রাজপথে মানববন্ধন হয়, প্রতিবাদে উত্তাল হয় দেশ। কিন্তু সময়ের নিয়মে একসময় সবকিছু স্তব্ধ হয়ে যায়। কেবল থামে না স্বজনদের কান্না আর বিচারহীনতার দীর্ঘ অপেক্ষা।

‎২০২৫ সালের মার্চে আট বছরের শিশু আছিয়া বোনের বাড়ি বেড়াতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়। আদালত মূল আসামিকে মৃত্যুদণ্ড দিলেও এক বছরেও সেই রায় কার্যকর হয়নি। আইনি জটিলতা ও আপিলের দীর্ঘসূত্রতায় ন্যায়বিচার আজ বন্দি। আছিয়ার ঘটনার পর গত এক বছরে আরও ঘটেছে শত শত  নির্যাতনের ঘটনা। সম্প্রতি রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসার ধর্ষণ ও বর্বর হত্যার ঘটনা দেশকে আবারও শোকাহত করেছে। একটি শিশুর মাথা খণ্ডিত করে হত্যা–এমন নৃশংসতা কেবল কোনো অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে ভয়াবহ আঘাত। ‎এখনই সময় এই মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করার। তদন্তে গাফিলতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আছিয়া কিংবা রামিসা কেবল দুটি নাম নয়, এরা আমাদের সমাজব্যবস্থার ব্যর্থতার জীবন্ত প্রতিচ্ছবি। রাষ্ট্রকে সর্বোচ্চ কঠোরতায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে, যেন আর কোনো নিষ্পাপ শিশুর জীবন এভাবে ঝরে না যায়।

‎‎নুসরাত জাহান অর্পিতা
‎গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় 
[email protected]

সৈয়দপুরে বিশ্ববিদ্যালয় চাই

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৫:১৪ পিএম
সৈয়দপুরে বিশ্ববিদ্যালয় চাই

নীলফামারী জেলায় অবস্থিত সৈয়দপুর এমন একটি শহর, যা জেলার নামে কখনোই পরিচিত হয়নি। এর কারণ এই সৈয়দপুরেই রয়েছে ব্রিটিশ আমলের তৈরি বিখ্যাত রেল কারখানা, রয়েছে রংপুর বিভাগের একমাত্র বিমানবন্দর, ক্যান্টনমেন্ট এবং প্রাচীন মসজিদ, মন্দির, গির্জাসহ আরও অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট ও রংপুরের কেন্দ্রবিন্দু হওয়া সত্ত্বেও সৈয়দপুরে উচ্চশিক্ষার সুযোগ তুলনামূলকভাবে কম। সৈয়দপুরের মতো বাণিজ্যিক এলাকায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় না থাকা সত্যিই হতাশাজনক। দক্ষিণবঙ্গের দিকে তাকালে দেখা যায়, প্রতিটি গুরুত্বপূর্ণ জেলা বা উপজেলা শহরে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে এবং কিছু নতুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা এসেছে। কিন্তু সৈয়দপুর নিয়ে কারোরই মাথাব্যথা নেই।

উত্তরাঞ্চলের অনেক পরিবারের পক্ষে ঢাকায় বা দূরের বিভাগে সন্তানদের পাঠিয়ে পড়ানো অর্থনৈতিকভাবে কঠিন। একটি সরকারি বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের মেধাবী কিন্তু পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সাশ্রয়ী মূল্যে উচ্চশিক্ষা নিশ্চিত করবে। সৈয়দপুরে প্রচুর সরকারি খাস জমি ও অব্যবহৃত রেলভূমি রয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরির জন্য অত্যন্ত উপযোগী। এ ছাড়া সৈয়দপুরের মতো বাণিজ্যিক শহরে বিশ্ববিদ্যালয় গড়ে উঠলে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কারিগরি ও গবেষণাকেন্দ্রের সংযোগ স্থাপন করে দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব যা দেশের অর্থনীতিতে আরও প্রভাব ফেলবে। সৈয়দপুরের মতো বাণিজ্যিক শহরের দিকে বিশেষভাবে নজর দিয়ে এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করলে উত্তরাঞ্চলের মানুষের জন্য আশীর্বাদস্বরূপ হবে এবং দেশের অর্থনীতিতে সৈয়দপুর  আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। 

বি এম হিশাম লাজ 
আইন ও ভূমি প্রশাসন অনুষদ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 
[email protected] 

নির্মাণকাজে নিরাপত্তা নিশ্চিত করতে হবে

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৫:১২ পিএম
নির্মাণকাজে নিরাপত্তা নিশ্চিত করতে হবে

আমাদের দেশের নির্মাণকাজগুলো অনেক ঝুঁকিপূর্ণ। রাস্তার পাশে ভবনের নির্মাণকাজে কোনো বিশেষ নিরাপত্তাবেষ্টনী থাকে না। ফলে পথচারী, আশপাশের মানুষ ও বিভিন্ন সম্পদ ব্যাপক ক্ষতির ঝুঁকিতে থাকে। নির্মাণ শ্রমিকরাও কাজের সময় বিশেষ কোনো নিরাপত্তা মেনে চলে না। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর তথ্যমতে, চলতি বছরের প্রথম তিন মাসে বিভিন্ন নির্মাণকাজে ১৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। কর্মক্ষেত্রে তৃতীয় সর্বোচ্চ মৃত্যু নির্মাণ খাতে। শ্রম আইন অনুযায়ী, নির্মাণশ্রমিকের নিরাপত্তার দায়িত্ব বর্তায় নিয়োগকারীর ওপর। নিরাপত্তার অভাবজনিত কারণে শাস্তির বিধান থাকলেও আইনের যথাযথ  প্রয়োগ লক্ষ্য করা যায় না। নির্মাণকাজে শুধু সচেতনতামূলক বিলবোর্ড লাগালেই চলবে না, বরং আইনের চাপ প্রয়োগের মাধ্যমে সার্বিক নিরাপত্তায় দায়িত্বশীল দের মধ্যে বাধ্যবাধকতা তৈরি করতে হবে। এ ব্যাপারে সচেতনতা তৈরির পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. জাহিদ হাসান
শিক্ষার্থী, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া 
[email protected]

ঈদুল আজহায় সামাজিক দায়বদ্ধতা ও চ্যালেঞ্জ

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৬:৩১ পিএম
ঈদুল আজহায় সামাজিক দায়বদ্ধতা ও চ্যালেঞ্জ

আসন্ন পবিত্র ঈদুল আজহা আমাদের জন্য যেমন আনন্দ নিয়ে আসে, তেমনিভাবে আমাদের সবারই রয়েছে কিছু সামাজিক দায়িত্ব এবং কর্তব্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হলো পশুর চামড়ার মূল্যের সঠিক মূল্যায়ন এবং বর্জ্য সঠিক উপায়ে ব্যবস্থাপনা করা। দেখা যায়, অনেক সময় মৌসুমি ব্যবসায়ীদের কারসাজি বা উপযুক্ত সংরক্ষণের অভাবে চামড়ার ন্যায্যমূল্য পাওয়া যায় না। সঠিক সময়ে লবণ না দেওয়ায় চামড়া পচে যায়। সরকার প্রতি বছর চামড়াশিল্পকে বাঁচাতে কিছু উদ্যোগ গ্রহণ করে, যার মধ্যে বিনামূল্যে লবণ বিতরণ অন্যতম। তাই আমাদের উচিত সঠিক নিয়মে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করা এবং সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিক্রি করা এবং এ বিষয়ে যাবতীয় অনিয়ম প্রশাসনকে অবগত করা। পশুর বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা জরুরি। পশুর বর্জ্য নিজেরা সচেতনতার সঙ্গে যত্রতত্র না ফেলে পৌরসভা বা সিটি করপোরেশন কর্তৃক নির্ধারিত জায়গায় ফেলতে হবে, অথবা বাসার সামনে বা রাস্তাঘাটের বদলে কোনো খোলা স্থানে কোরবানি করে বর্জ্য মাটিচাপা দিয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে, এতে দুর্গন্ধ এবং জীবাণু ছড়ানোর আশঙ্কা কমে যায়। বিভিন্ন পুকুর বা নদীতে বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে। পবিত্র ঈদুল আজহায় আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে ধর্মীয় এবং সামাজিক দায়বদ্ধতা সুষ্ঠুভাবে পালন করি এবং সমাজ ও দেশকে পরিচ্ছন্ন, সুন্দর এবং দূষণমুক্ত রাখতে সহায়তা করি।

বি এম হিশাম লাজ 
আইন ও ভূমি প্রশাসন অনুষদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 
[email protected]