তপ্ত গরমে এক গ্লাস ডাবের পানি যেন শান্তির ছোঁয়া। শুধু তপ্ত গরমেই নয়, অসুস্থ মানুষের পথ্য হিসেবেও ডাবের পানি খুবই উপকারী। সংগত কারণেই স্বচ্ছ, মিষ্টি, শীতল এই পানীয়ের প্রতি মানুষের গভীর আস্থা। কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিয়েই কিছু অসাধু চাষি ও মধ্যস্বত্বভোগী দ্রুত লাভের আশায় গাছে থাকা অবস্থায় ডাবে সিরিঞ্জ ঢুকিয়ে বিভিন্ন গ্রোথ রেগুলেটর, এমনকি স্টেরয়েডজাত দ্রব্য পুশ করছেন, যাতে ডাব অস্বাভাবিক দ্রুত বড় হচ্ছে, ভারী হচ্ছে, বাইরে থেকে টসটসে ও আকর্ষণীয় দেখাচ্ছে। ফলে বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে। এসব ডাবের পানি খাবার ফলে সাধারণ মানুষের লিভার ও কিডনি খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, শরীরে হরমনের ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে, পাশাপাশি ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে। এই অসাধু কারসাজি দ্রুত বন্ধ করতে না পারলে এই ডাবই ভবিষ্যতে বড় রকমের স্বাস্থ্যঝুঁকির কারণ হবে। তাই এ অন্যায় শক্ত হাতে দমন করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
প্রজ্ঞা দাস
শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, ইডেন মহিলা কলেজ
[email protected]