চেন্নাইতে সিরিজের প্রথম টেস্টে ২৮০ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। দুই ইনিংসের চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮২ রান ছাড়া আরকোনো ইনিংস নেই উল্লেখ করার মতো। তবে শান্তর কাছে হতাশার এই টেস্ট ম্যাচে বড় প্রাপ্তি হলো পেসারদের পারফরম্যান্স।
ম্যাচশেষে পুরস্কার বিতরণীতে কথা বলতে এসে এমন মন্তব্য করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রশংসা করেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানার।
পেসারদের প্রশংসা করে শান্ত বলেন, ‘এই টেস্টে ইতিবাচক দিক বলতে তাসকিন-হাসানদের বোলিং। তারা প্রথম ইনিংসের প্রথম ২-৩ ঘণ্টা যেভাবে বোলিং করেছেন, তাতে বেশ চাপে ছিল ভারতীয় ব্যাটাররা। যদিও পরবর্তীতে তারা ঘুরে দাঁড়ায়। আমরা নতুন বল বেশ ভালোভাবে কাজে লাগাতে পেরেছি। তবে, সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারিনি।’
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন অধিনায়ক শান্ত। তবে দলের কেউই পারেননি ব্যাট হাতে তাকে সঙ্গ দিতে। নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘আমি সবসময় দলের প্রয়োজনে অবদান রাখার চেষ্টা করি। আমি ব্যাটিং করতে খুবই উপভোগ করি। চেষ্টা করি যতট সম্ভব লম্বা সময় ধরে ব্যাটিং করার।’
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে কানপুরে। আগামী ২৭ সেপ্টেম্বর সেই টেস্টে ঘুরে দাঁড়াতে চান টাইগারদের অধিনায়ক, ‘আমরা যতক্ষণ পেরেছি ব্যাটিং করার চেষ্টা করেছি এবং আমাদের শক্তি অনুযায়ী খেলেছি। কানপুর খুবই গুরুত্বপূর্ণ। বোলাররা ভালো করেছে, আশা করি ব্যাটাররাও ভালো করবে।’