টেস্টে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে এই রেকর্ড গড়েছেন তিনি। টেস্ট ক্রিকেট ইতিহাসের ১৩তম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন সাবেক এই কিউই অধিনায়ক।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬১ রানের ইনিংস খেলে আউট হয়েছেন উইলিয়ামসন। আর ২৬ রান করে ঢুকে গেছেন ৯ হাজারি ক্লাবে। ক্যারিয়ারের ১০৩তম টেস্ট খেলতে নেমে এই নজির গড়েছেন তিনি।
যুগ্মভাবে তিনে রয়েছেন টেস্টে দ্রুততম ৯ হাজার রান করার তালিকায় উইলিয়ামসন। তিনে অবস্থান করা বাকি দুইজন হলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও পাকিস্তানের ইউনিস খান।
একইদিনে তার সামনে সুযোগ ছিল আরও একটি দারুণ মাইলফলক স্পর্শ করার। তবে খুব কাছাকাছি গিয়েও তা আর স্পর্শ করা হয়নি তার। একটিমাত্র চার মারতে পারলেই টেস্ট ক্যারিয়ারে ১০০০ চারের মাইলফলক স্পর্শ করতে পারতেন এই কিউই তারকা। তবে ৯৯৯ চার হাঁকানোর পর ক্রিস ওকসের বলে কাটা পড়েছেন তিনি।
১০৩ টেস্টের ১৮২ ইনিংসে তিনি এই রেকর্ড করেছেন। টেস্টে চার মারার তালিকায় উইলিয়ামসনের অবস্থানে এখন ২৭ নম্বরে।
চার মারার দিক দিয়ে সবার উপরে আছেন ভারতীয় গ্রেট শচিন টেন্ডুলকার। ৩২৯ খেলে তিনি চার মেরেছেন ২০৫৮টি। দুইয়ে শচিনেরই সতীর্থ রাহুল দ্রাবিড়। এরপর তিন থেকে পাঁচে যথাক্রমে ব্রায়ান লারা, রিকি পন্টিং ও কুমার সাঙ্গাকারা।
বর্তমানে এখনও খেলছেন এমন ক্রিকেটারদের তালিকায় চারে অবস্থান করছেন উইলিয়ামসন। সবার ওপরে ইংল্যান্ডের জো রুট ১৩৬৪ চার মেরে। অজি ব্যাটার স্মিথও মেরেছেন ১০৬৩ চার। উইলিয়ামসনের ঠিক ওপরে থাকা বিরাটের চার সংখ্যা ১০২০।