অবিশ্বাস্য এক ম্যাচ হয়েছে গতকাল (১২ সেপ্টেম্বর) রাতে ম্যানচেস্টারে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। ফিল সল্টের অপরাজিত ১৪১ রানের দানবীয় ইনিংসে ৩০৪ রানের বিশাল সংগ্রহের পর রান তাড়ায় দক্ষিণ আফ্রিকা করতে পেরেছে মাত্র ১৫৮ রান। এতে ইংলিশদের জয় ১৪৬ রানের বড় ব্যবধানে।
স্বাগতিকদের দাপটে তোলপাড় হয়ে গেছে রেকর্ডবুক। ইংলিশদের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি ও সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন ওপেনার ফিল সল্ট। এর বাইরে আরও অসংখ্য রেকর্ড হয়েছে এই ম্যাচে।
চলুন দেখে নেওয়া যাক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে যত রেকর্ড
৩০৪
আইসিসির দুই পূর্ণ সদস্য দেশের মুখোমুখি লড়াইয়ে এটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে, সর্বোচ্চ ২৯৭ রান করার রেকর্ড ছিল ভারতের। গতবছর বাংলাদেশের বিপক্ষে এই রেকর্ড গড়েছিল ভারত।
৪৮
ইংল্যান্ডের ব্যাটারদের বাউন্ডারির সংখ্যা। স্বাগতিকরা ৩০ চার ও ১৮টি ছক্কা হাঁকিয়েছেন। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৪ সালে গাম্বিয়ার বিপক্ষে ইতিহাস সৃষ্টি করা ৩৪৪ রানের ম্যাচে জিম্বাবুয়ের বাউন্ডারি ছিল ৫৭টি।
১০০
চতুর্থবারের মতো দুই পূর্ণ সদস্য দেশের লড়াইয়ে পাওয়ার প্লেতে ১০০ রান দেখা গেল। ৬ ওভারে সবার ওপরে স্কটল্যান্ডের বিপক্ষে করা অস্ট্রেলিয়ার ১১৩/১।
১৬৬
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ ওভারে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড এটি। ইংলিশরা ভেঙে দিয়েছে অস্ট্রেলিয়ার ১৫৬/৩ এর রেকর্ড।
২০০
১২.১ ওভারে ইংল্যান্ড স্পর্শ করে দলীয় ২০০ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা কিনা দ্রুততম। আগে রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের গাম্বিয়ার বিপক্ষে ১২.৫ ওভারে।
১২৬
ফিল সল্ট ও জস বাটলারের ওপেনিং জুটির রান এটি। তারা দুজন ১৭ ইনিংসে চতুর্থবার ১০০ রানের জুটি গড়েছেন। সামনে আছে কেবল পাকিস্তানি তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের জুটি।
১৮/১৯
বাটলার ও সল্ট গতকাল তৃতীয় এবং তুর্থ দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন। বাটলার ১৮ এবং সল্ট ওই কীর্তি গড়েন ১৯ বলে।
৩৯
সল্ট সেঞ্চুরি করার পথে খেলেছেন মাত্র ৩৯ বল। এর আগে লিভিংস্টোন পাকিস্তানের বিপক্ষে ৪২ বলে সেঞ্চুরি করেন।
১৪১*
সল্টের করা রান ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ। এর আগে তার করা ১১৯* রানই এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল। গতকাল তিনি নিজের রেকর্ডই ভেঙেছেন।
৪
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪২তম ইনিংস খেলতে নেমে চতুর্থ সেঞ্চুরি পেয়ে গেলেন সল্ট। যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। সমান চারটি সেঞ্চুরি করেছেন সূর্যকুমার যাদব, তিনি খেলেছেন ৮০ ইনিংস।
১০৮
এক ইনিংসে বাউন্ডারিতে সর্বোচ্চ ১০৮ রান করেছেন সল্ট। যা ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ। এর আগের রেকর্ডটিও ছিল তার। ৮৮ রান তোলেন বাউন্ডারিতে।
৪
ফিল্ডার হিসেবে (নন-উইকেটকিপার) হিসেবে সর্বোচ্চ ৪টি ক্যাচ ধরেন জোফরা আর্চার। যা কিনা ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ। বল হাতেও শিকার করেছেন ৩ উইকেট।
৭০
গতকাল ৪ ওভারে উইকেটশূন্য থেকে ৭০ রান খরচ করেন কাগিসো রাবাদা। যা দক্ষিণ আফ্রিকার হয়ে এক ইনিংসে সর্বোচ্চ। এর আগে কাইল অ্যাবট এক টি-টোয়েন্টিতে ৬৮ রান দেন।
নিলয়/