অস্ট্রেলিয়াকে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় বিস্ময় উপহার দিয়েছিল জিম্বাবুয়ে। ওই হারের কারণে ২০২১ আসরের চ্যাম্পিয়নদের বিদায় ঘটে গ্রুপ পর্ব থেকেই। এদিকে জিম্বাবুয়ে থেমে নেই। অস্ট্রেলিয়ার পর এবার বিশ্বকাপের আরেক সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকেও হারিয়ে দিয়েছে সিকান্দার রাজার দল।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কলম্বোর রানাসিংহের প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। সুবাদে ‘বি’ গ্রুপ থেকে সেরা দল হিসেবে সুপার এইটে খেলবে আফ্রিকার দেশটি। ৪ ম্যাচের ৩টিতেই জয় পেয়েছে তারা, একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। শ্রীলঙ্কা ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে সুপার এইটে খেলবে।
সবশেষ ২০২৪ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল জিম্বাবুয়ে। সেই দলটিই এবার খেলছে অন্য রকম ক্রিকেট। ওমানকে উড়িয়ে আসর শুরুর পর অস্ট্রেলিয়া বধ করে দলটি। আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপসেরা নির্ধারণী ম্যাচে আবার তাদের চমক। এদিন নিজেদের ইতিহাসে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ড গড়েছে দলটি।
আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৮ রানের পুঁজি গড়েছিল শ্রীলঙ্কা। যা তাড়া করতে নেমে ৩ বল হাতে থাকতে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। ওপেনার ব্রায়ান বেনেট ৪৮ বলে ৮ চারে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। সিকান্দার রাজার ব্যাট থেকে আসে ২৬ বলে অনবদ্য ৪৫ রান। ২ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। তার এই দাপুটে ইনিংসের জন্যই শেষ ৬ ওভারে ৬৫ রানের সমীকরণ মেলাতে পেরেছে জিম্বাবুয়ে। তাই ম্যাচসেরাও হয়েছে রাজা।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার পক্ষে ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলেন পথুম নিশাঙ্কা। পবন রত্নানায়েকের ব্যাট থেকে আসে ২৫ বলে ৪৪ রান।