সময়টা যেন পুরোপুরি নাহিদ রানার। একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এই তরুণ ফাস্ট বোলার। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দারুণ বোলিং, এরপর পাকিস্তানের বিপক্ষে আগুনঝরা স্পেল; সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের নামটা আরও জোরে জানান দিলেন তিনি।
এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নাহিদ নেন ৮ উইকেট। সেই পারফরম্যান্সের জোরেই মাসসেরার পুরস্কার জিতেছেন তিনি।
তবে শুধু ওই সিরিজেই নয়, এর আগেও ধারাবাহিকভাবে আলো ছড়িয়েছেন এই পেসার। মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ৮ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর সর্বশেষ মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারসেরা বোলিং করেন নাহিদ। ৪০ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট।
এটাই নাহিদ রানার প্রথম আইসিসি মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার। গত বছরের এপ্রিলে মেহেদী হাসান মিরাজের পর বাংলাদেশের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেলেন তিনি। এর আগে বাংলাদেশের হয়ে এই পুরস্কার জিতেছিলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (দুইবার) এবং মেহেদী হাসান মিরাজ।
পুরস্কার জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে নাহিদ বলেন, ‘নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফর্ম করে আইসিসির মাসসেরা খেলোয়াড় হতে পারাটা দারুণ এক অনুভূতি। এটি দেশের মাটিতে পারফর্ম করতে পারা সিরিজটিকে আরও বিশেষ করে তুলেছে এবং এই সিরিজটি আমি সব সময় মনে রাখব।’
যদিও নিউজিল্যান্ড সিরিজের শুরুটা খুব ভালো হয়নি তার। প্রথম ওয়ানডেতে ৬৫ রান খরচ করে পেয়েছিলেন মাত্র ১ উইকেট। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ান। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেন তিনি।
এর আগে চলতি বছরের মার্চে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার ওয়ানডেতে পাঁচ উইকেট পেয়েছিলেন নাহিদ। নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে আরও ২ উইকেট যোগ করে সিরিজসেরার পুরস্কারও জেতেন এই গতি তারকা। এদিকে মেয়েদের বিভাগে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট।
চঞ্চল/অনিক/