ব্যর্থতায় শেষ হলো লখনৌ সুপার জায়ান্টসের আইপিএল মৌসুম। ১৪ ম্যাচে মাত্র ৪ জয়ে ৮ পয়েন্টে টেবিলের তলানীতে থেকে আসর শেষ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। গতকাল (২৩ মে) রাতে লখনৌর শেষ ম্যাচ দিয়ে দলটির জার্সিতে অভিষেক হয় শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। ছেলের নতুন যাত্রার পর আবেগী বার্তা দেন ভারতের সাবেক লিজেন্ডারি এই ব্যাটার।
নেটে ও অনুশীলন ম্যাচে ভালো বোলিং করলেও অর্জুনকে নিজের সামর্থ্য প্রমাণ করতে তাকে অপেক্ষা করতে হয়েছে মৌসুমের শেষ ম্যাচ পর্যন্ত। অভিষেক ম্যাচে ভালো পারফরম্যান্সও করেন বাঁহাতি এই পেসার।
পাঞ্জাব কিংসের কাছে হেরে যাওয়া সেই ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শচীন লিখেন, ‘ভালো করেছ, অর্জুন। এই মৌসুমে তুমি যেভাবে নিজেকে সামলেছ, তাতে আমি গর্বিত। নিজের সামর্থ্যে বিশ্বাস রাখা, ধৈর্য ধরা, নীরবে কঠোর পরিশ্রম করা এবং সুযোগের জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করেও ইতিবাচক থাকা- সবকিছুই অসাধারণ ছিল।’
তিনি আরও লিখেন, ‘ক্রিকেট যেমন দক্ষতার পরীক্ষা নেয়, তেমনি ধৈর্যেরও পরীক্ষা নেয়। আর আজ (গতকাল) তুমি দুটোই দারুণভাবে সামলেছ। মাটিতে পা রেখে এগিয়ে যাও এবং সবসময় যেভাবে খেলাটাকে ভালোবেসেছ, সেভাবেই ভালোবেসে যাও। সবসময় তোমাকে ভালোবাসি।’
অর্জুন নিজের প্রথম ওভারটি বেশ গোছানোভাবে করেন এবং অধিনায়ক রিশভ পন্ত প্রবসিমরান সিংয়ের কঠিন ক্যাচটি ধরতে পারলে উইকেটও পেতে পারতেন। পরে ১৫তম ওভারে ইয়র্কারেই এলবিডব্লিউ করে প্রবসিমরানকে ফেরান তিনি।
পাওয়ারপ্লের পরপরই অর্জুনকে আক্রমণে আনেন পন্ত। চার ওভারে ৩৬ রান দিয়ে নেন একটি উইকেট। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার এর আগে ২০২৩ ও ২০২৪ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন। বিশেষ পদবির কারণে ক্রিকেটে শুরুর দিন থেকেই আলোচনায় ছিলেন অর্জুন।
অনিক/