ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
রবিবার (৩১ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১২ বল বাকি থাকতেই জয়ের দেখা পায় আরসিবি।
১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত আসরে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল দলটি। এবার টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল তারা।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি গুজরাটের। ওয়াশিংটন সুন্দর বাদে দলের অন্য কোনো ব্যাটার নিজেকে মেলে ধরতে পারেননি। ৩৭ বলে ৫০ রানের লড়াকু ইনিংস খেলেন সুন্দর। আর শেষ দিকে আরশাদ খানের ৬ বলে ১৫ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানের পুঁজি পায় গুজরাট।
বেঙ্গালুরুর পক্ষে রসিখ সালাম ৩টি এবং হ্যাজেলউড ও ভুবনেশ্বর ২টি করে উইকেট নেন।
১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চড়াও হন বিরাট কোহলি। ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে গড়েন ৬২ রানের জুটি। ভেঙ্কটেশ ১৬ বলে ৩২ রান করে ফেরার পরপরই তার পথে হাঁটেন দেবদূত পাডিকাল (১)। এরপর বেঙ্গালুরু শিবিরে জোড়া আঘাত হানেন রশিদ খান। এতে কিছুটা স্বস্তি ফিরে গুজরাট শিবিরে।
তবে সেই ধাক্কা সামলে মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি তুলে নেন কোহলি। রজত পাতিদার (১৫) ও টিম ডেভিড (২৪) ফিরলেও ক্রিজের একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়েন কোহলি। ৪২ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এতেই টানা দ্বিতীয়বার আইপিএলের শিরোপা জিতে নিল আরসিবি।
সালমান/