মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে আরও সহজে সাজিয়ে রাখা যাবে চ্যাট লিস্ট। এবার মেসেজিং অ্যাপটিতে চালু হলো ‘কাস্টম লিস্ট’ ফিচার। এর মাধ্যমে এই অ্যাপের ব্যবহারকারীরা কথোপকথনের লম্বা তালিকা সহজে সাজিয়ে রাখতে পারবেন।
এ বছরের অক্টোবরের শেষে ফিচারটি চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারটি মূলত চ্যাট ফিল্টার ফিচারের উন্নত সংস্করণ, যা চলতি বছরের শুরুতে চালু করা হয়েছে।
কাস্টম লিস্ট টুলটি ব্যবহারকারীদের বিভিন্ন কাস্টম ক্যাটাগরি অনুসারে চ্যাট ফিল্টার করার সুযোগ দেবে। এতে পরিবার, বন্ধু, সহকর্মী বা প্রতিবেশীদের জন্য আলাদা তালিকা তৈরি করা যাবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচার ব্যবহারকারীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাটগুলো দ্রুত নজর দিতে সাহায্য করবে। ফেভারিট ফিচারের মতোই এখানে ব্যবহারকারীরা একক বা গ্রুপ চ্যাট যেকোনো তালিকায় যোগ করতে পারবেন।
চ্যাট ট্যাবের উপরের ফিল্টার বারে ‘প্লাস বা +’ আইকনে ক্লিক করলেই নতুন তালিকা তৈরি করা যাবে। ফিচারটি ধাপে ধাপে সবার জন্য উন্মুক্ত হবে।
বিশ্বব্যাপী জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে এটি সর্বশেষ আপডেটগুলোর একটি।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ ঘোষণা দিয়েছে, ফোন নম্বর সেভ বা সংরক্ষণের নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ফোন ছাড়াও তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নম্বর সেভ করতে পারবেন। ব্যবহারকারীরা অ্যাকাউন্টে স্মার্টফোন ছাড়াও অন্যান্য ডিভাইস থেকে কন্টাক্ট নম্বর যোগ করতে পারবেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি অতিক্রম করলেও, বিশ্বব্যাপী এই সংখ্যা প্রায় ২০০ কোটি।
/আবরার জাহিন