কিশোর বয়স বা টিনএজ হলো জীবনের সবচেয়ে সংবেদনশীল সময়। এ বয়সে শরীর ও মনের দ্রুত পরিবর্তন ঘটে, পাশাপাশি নতুন অভিজ্ঞতা আসে। পড়াশোনা, পরিবার, বন্ধু এবং সামাজিক যোগাযোগ- সবকিছু মিলেই একজন টিনএজারের আত্মবিশ্বাস গড়ে ওঠে। কিন্তু অনেক সময় নানা কারণে এই আত্মবিশ্বাস কমে যায়, যা তাদের ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। তাই আত্মবিশ্বাস কেন কমে, কেন তা জরুরি এবং কীভাবে বাড়ানো যায়- এসব জানা প্রতিটি টিনএজারের জন্য গুরুত্বপূর্ণ।
আত্মবিশ্বাস কমে যাওয়ার কয়েকটি সাধারণ কারণ আছে। টিনএজে শরীরে নানা পরিবর্তন আসে, যেমন- উচ্চতা, ওজন বা চেহারায় ভিন্নতা। কেউ ব্রণের সমস্যায় ভোগে, কেউ আবার নিজের গায়ের রং নিয়ে অস্বস্তি বোধ করে। এই কারণে অনেকেই নিজেকে অন্যদের চেয়ে কম মনে করতে শুরু করে। আবার বন্ধুরা কারও পড়াশোনায় ভালো করলে বা অন্য কেউ বেশি জনপ্রিয় হলে নিজেদের সঙ্গে তুলনা করে হীনম্মন্যতা জন্ম নেয়। পারিবারিক চাপ, বাবা-মায়ের অতিরিক্ত প্রত্যাশা বা অবহেলা আত্মবিশ্বাস নষ্ট করতে পারে। পড়াশোনা কিংবা খেলাধুলায় ব্যর্থতা, বন্ধুদের সমালোচনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের সাজানো জীবন দেখে অনেকেরই নিজের ওপর আস্থা হারায়।
তবে আত্মবিশ্বাস কেন এত দরকার? কারণ, আত্মবিশ্বাস না থাকলে একজন টিনএজার সহজ কাজেও ভয় পায়, নতুন কিছু শিখতে চায় না, বন্ধুদের সঙ্গে খোলামেলা হতে পারে না এবং ব্যর্থতার ভয়ে নতুন চেষ্টা এড়িয়ে চলে। বিপরীতে আত্মবিশ্বাসী টিনএজার ভুলকে শেখার সুযোগ হিসেবে দেখে, নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকে, নতুন কিছু করতে সাহসী হয় এবং পড়াশোনা, খেলাধুলা, সাংস্কৃতিক কাজসহ জীবনের নানা ক্ষেত্রে সফল হতে পারে। অর্থাৎ আত্মবিশ্বাস একজন টিনএজারের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে।
আত্মবিশ্বাস বাড়ানোর কিছু উপায় আছে, যা যেকোনো টিনএজার মেনে চলতে পারে। প্রথমত, নিজেকে যেমন আছো, তেমনভাবেই গ্রহণ করতে হবে। নিজের উচ্চতা, রং বা চেহারার কারণে দুঃখ পেলে আত্মবিশ্বাস আসবে না। বরং মনে রাখতে হবে প্রত্যেক মানুষ আলাদা এবং নিজের বিশেষত্বই তাকে আলাদা করে তোলে। দ্বিতীয়ত, বড় লক্ষ্য ঠিক করে হতাশ না হয়ে ছোট ছোট লক্ষ্য পূরণের অভ্যাস করতে হবে। যেমন- প্রতিদিন ১০ মিনিট পড়া, নিয়মিত ব্যায়াম করা কিংবা নতুন কিছু শেখা। ছোট লক্ষ্য পূরণ হলে মনে শক্তি তৈরি হয় এবং আত্মবিশ্বাসও বাড়ে।
এ ছাড়া ইতিবাচক চিন্তাভাবনা আত্মবিশ্বাসের বড় সহায়ক। ‘আমি পারব না’ না ভেবে ‘আমি চেষ্টা করব’ ভাবা দরকার। ভুল বা ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শিক্ষা নেওয়া উচিত। পরিবারের সঙ্গে খোলামেলা কথা বলা, বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা এবং নেতিবাচক সমালোচনাকে উপেক্ষা করাও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। সোশ্যাল মিডিয়ায় অন্যদের সঙ্গে তুলনা না করে নিজের কাজ ও আগ্রহের দিকে মনোযোগ দেওয়া জরুরি।
সবশেষে বলা যায়, টিনএজ হলো জীবনের ভিত্তি গড়ে তোলার সময়। এই সময়ে আত্মবিশ্বাস থাকলে ভবিষ্যৎ জীবনের প্রতিটি চ্যালেঞ্জ সহজ মনে হবে। আত্মবিশ্বাস শুধু পড়াশোনায় নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে শক্তি জোগায়। তাই প্রতিটি টিনএজারের উচিত নিজেকে ভালোবাসা, ইতিবাচকভাবে চিন্তা করা এবং ধাপে ধাপে নিজের আত্মবিশ্বাস গড়ে তোলা।

