বর্তমান সময়ে তরুণদের সামনে সুযোগের পাশাপাশি চ্যালেঞ্জও অনেক। পড়াশোনা, অনলাইন কোর্স, দক্ষতা অর্জন, পার্টটাইম কাজ, পরিবার ও ব্যক্তিগত সময়- সবকিছু একসঙ্গে সামলাতে গেলে সবচেয়ে বড় যে সমস্যাটি সামনে আসে, তা হলো সময়ের অভাব। আসলে সময় সবার জন্যই সমান, কিন্তু যারা সময়কে পরিকল্পিতভাবে ব্যবহার করতে পারে, তারাই এগিয়ে যায়। তরুণ বয়সে সময় ব্যবস্থাপনার অভ্যাস গড়ে উঠলে ভবিষ্যৎ জীবন অনেক সহজ হয়ে ওঠে।
সময় ব্যবস্থাপনা কেন জরুরি
সময় ব্যবস্থাপনা মানে শুধু কাজের তালিকা বানানো নয়, বরং কোন কাজটি কখন এবং কতটা গুরুত্ব দিয়ে করা হবে- তা ঠিক করা। তরুণদের ক্ষেত্রে এটি আরও গুরুত্বপূর্ণ, কারণ এই সময়েই পড়াশোনার ভিত্তি তৈরি হয়, পাশাপাশি ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ থাকে। সময়ের অপচয় হলে পড়াশোনায় পিছিয়ে পড়া যেমন হয়, তেমনি দক্ষতা অর্জনের সুযোগও হাতছাড়া হয়ে যায়।
লক্ষ্য ঠিক করাই প্রথম ধাপ
সময় ব্যবস্থাপনার প্রথম শর্ত হলো স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা। একজন তরুণের জানা থাকা দরকার, সে কী হতে চায় এবং সেই লক্ষ্যে পৌঁছাতে কী কী করতে হবে। যেমন- পড়াশোনার পাশাপাশি যদি কম্পিউটার স্কিল, ভাষা শেখা বা কোনো কারিগরি দক্ষতা অর্জনের লক্ষ্য থাকে, তবে সেগুলো আলাদা করে লিখে রাখা উচিত। লক্ষ্য পরিষ্কার হলে সময় ভাগ করা সহজ হয়।
পড়াশোনা ও দক্ষতা শেখার সমন্বয়
অনেকে মনে করে পড়াশোনা আর দক্ষতা অর্জন একসঙ্গে করা সম্ভব নয়। বাস্তবে ঠিক উল্টোটা। পড়াশোনার সময়সূচির বাইরে প্রতিদিন দুই/এক ঘণ্টা দক্ষতা শেখার জন্য নির্দিষ্ট করলে ধীরে ধীরে বড় পরিবর্তন আসে। অনলাইন কোর্স, ইউটিউব টিউটোরিয়াল বা বই- এসব ব্যবহার করে নিজের পছন্দের স্কিল শেখা যায়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, অল্প অল্প করে নিয়মিত শেখা।
সময় ভাগ করার সহজ কৌশল
সময় ব্যবস্থাপনার জন্য দৈনিক বা সাপ্তাহিক রুটিন তৈরি করা খুব কার্যকর। কোন সময় পড়াশোনা, কোন সময় স্কিল শেখা, আর কোন সময় বিশ্রাম- এসব আগে থেকেই ঠিক থাকলে এলোমেলোভাব কমে যায়। সকালে মন বেশি সতেজ থাকে, তাই কঠিন পড়াশোনা বা গুরুত্বপূর্ণ কাজ সে সময় করলে ভালো ফল পাওয়া যায়। তুলনামূলক হালকা কাজ বা অনুশীলন রাখা যেতে পারে বিকেলে বা সন্ধ্যায়।
অপ্রয়োজনীয় সময় নষ্ট কমানো
মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম তরুণদের সময় নষ্টের বড় কারণ। প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় স্ক্রল করা, গেম খেলা বা ভিডিও দেখা সময় ব্যবস্থাপনাকে ভেঙে দেয়। তাই নিজের জন্য সীমা নির্ধারণ করা জরুরি। পড়াশোনার সময় মোবাইল দূরে রাখা বা নির্দিষ্ট সময়ের বাইরে সোশ্যাল মিডিয়া ব্যবহার না করার অভ্যাস গড়ে তুললে অনেক সময় বাঁচে।
বিশ্রাম ও নিজের যত্নও প্রয়োজন
সময় ব্যবস্থাপনার মানে সারাক্ষণ কাজ করা নয়। শরীর ও মন ভালো না থাকলে পড়াশোনা বা শেখা কোনোটাই ঠিকভাবে হয় না। পর্যাপ্ত ঘুম, হালকা ব্যায়াম এবং পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো মানসিক চাপ কমায়। বিশ্রাম নিলে কাজের প্রতি মনোযোগ ও দক্ষতা দুটোই বাড়ে।
ধারাবাহিকতাই সাফল্যের মূল
সময় ব্যবস্থাপনার সব কৌশলের মূল কথা হলো ধারাবাহিকতা। একদিন ভালো রুটিন মেনে চললেই হবে না, সেটাকে অভ্যাসে পরিণত করতে হবে। প্রতিদিন একটু একটু করে পড়াশোনা ও দক্ষতা অর্জন চলতে থাকলে কয়েক মাসের মধ্যেই তার ফল চোখে পড়বে। তরুণ বয়সই শেখার সেরা সময়। এই সময়কে যদি সঠিকভাবে পরিকল্পনা করে ব্যবহার করা যায়, তাহলে পড়াশোনা ও দক্ষতা অর্জন—দুটোই একসঙ্গে সম্ভব। সময়কে নিয়ন্ত্রণে রাখতে পারলেই ভবিষ্যৎকে নিজের মতো করে গড়ে তোলা যায়।

