বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানে আলোচনায় আসে ‘জেন জি’ বা ‘জেনারেশন জেড’। এরপর থেকেই সবাই নিজের জেনারেশন বা প্রজন্ম জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন।
আপনি কোন জেনারেশনের, তা জানতে সাহায্য করবে আপনার জন্মসাল। কোন সালে আপনার জন্ম? বিষয়টি জানতে পারলেই খুঁজে পাবেন আপনার প্রজন্ম বা জেনারেশন।
সাধারণত ২০ থেকে ২৫ বছর অর্থাৎ দুই যুগের মতো সময় ধরে একটি প্রজন্ম গড়ে ওঠে। যদিও তাদের শুরু ও শেষের বছরটি বিভিন্ন পরিসংখ্যান ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নির্ধারিত হয়। প্রযুক্তিগত ক্রমবিবর্তন, বিশ্বায়ন ও সভ্যতার উন্নয়নও এ ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেয়ারগিভার্স অব আমেরিকায় প্রকাশিত একটি নিবন্ধে এ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।
তাহলে একনজরে একটু জেনে নেওয়া যাক বিভিন্ন প্রজন্মের নাম, তাদের জন্মের সময়সীমা ও বর্তমানে তাদের বয়সের মান।
গ্রেটেস্ট জেনারেশন বা মহত্তম প্রজন্ম: এদের জন্মকাল আনুমানিক ১৯০১ থেকে ১৯২৭ সাল পর্যন্ত । এরা জিআই জেনারেশন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের জেনারেশন নামেও পরিচিত। এই প্রজন্মের সদস্যরা মহামন্দা দেখেছিলেন এবং সাধারণত দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন । তাদের ত্যাগ ও বীরত্বের জন্য এই নামটি দেওয়া হয়েছে।
সাইলেন্ট জেনারেশন বা নীরব প্রজন্ম: তাদের জন্মকাল আনুমানিক ১৯২৮ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত। নীরব প্রজন্ম মাথা নিচু রেখে ও কঠোর পরিশ্রম করে কেবল একটা চলমান ব্যবস্থাকে টিকিয়ে রেখেছিল। তারা ঝুঁকি নেয়নি। বরং নিরাপদে ঝামেলা এড়িয়ে জীবন পার করে দেওয়ার প্রবণতাই ছিল বেশি। এভাবে নিজেদের জন্য তারা ‘নীরব প্রজন্ম’ তকমা অর্জন করেছে।
বেবি বুমার্স জেনারেশন: তাদের জন্মকাল আনুমানিক ১৯৪৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত এবং তাদের বর্তমান বয়স ৬০ থেকে ৭৮ বছর।
জেনারেশন এক্স: তাদের জন্মকাল আনুমানিক ১৯৬৫ থেকে ১৯৮০ সাল পর্যন্ত এবং তাদের বর্তমান বয়স ৪৪ থেকে ৬০ বছর।
জেনারেশন ওয়াই বা মিলেনিয়ালস বা সহস্রাব্দ প্রজন্ম: তাদের জন্মকাল আনুমানিক ১৯৮১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত। তাদের বর্তমান বয়স ২৮ থেকে ৪৩ বছর। এই প্রজন্মেরই যাদের জন্ম আবার ১৯৯০ সালের ভেতরে অর্থাৎ যারা পুরো নব্বই দশকে তাদের শৈশব-কৈশোর পার করেছেন, তাদের বলা হয় নাইন্টিজ কিডস। তাদের মা-বাবারা বেশির ভাগই বুমার্স ও জেনারেশন এক্সের সদস্য।
জেনারেশন জেড বা জেন-জি: তাদের জন্মকাল ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত এবং তাদের বর্তমান বয়স ১২ থেকে ২৭ বছর। তাদের মা-বাবারা মূলত জেনারেশন এক্স ও ওয়াইয়ের সদস্য।
জেনারেশন আলফা: তাদের জন্মকাল আনুমানিক ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত এবং তাদের বর্তমান বয়স শূন্য থেকে ১২ বছর। তাদের মা-বাবারা আবার জেনারেশন ওয়াই বা সহস্রাব্দ প্রজন্মের সদস্য।
যদিও আলফা প্রজন্মের শেষ সময় এখনো নির্ধারিত হয়নি। এই প্রজন্ম এখনো শিশু এবং তাদের আচরণগত বৈশিষ্ট্য ও পরিসংখ্যান এখনো সর্বব্যাপী প্রকাশিত নয়, কাজেই বলা যাচ্ছে না যে এই সময়কাল শেষ হবে কত সালে।
তবে এই সময়সীমা একটি সাধারণ নির্দেশিকা। বিভিন্ন সূত্র বা গবেষণায় কিছুটা ভিন্নতা দেখা দিতে পারে।
তারেক/
.jpg)
.jpg)
.jpg)