বরিশাল সদর উপজেলার বিএনপির এক নেতা বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ তুলেছেন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের চরবাড়িয়া ইউনিয়নের নেতা-কর্মীরা।
রবিবার(২৯ ডিসেম্বর) দুপুরে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে তারা জানান, ৫ আগস্টের পরে চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুরুজ আহমেদ চাঁদাবাজি, দখলদারিত্বসহ নানা অপকর্ম করে আসছে। পাশাপাশি সুরুজকে দল থেকে বহিষ্কারের দাবিও জানায় তারা।
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সোহাগ হোসেন জানান, ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সদর উপজেলার বিএনপির এক শীর্ষ নেতার আশীর্বাদ পুষ্ট হয়ে সুরুজ আহমেদ চরবাড়িয়া এলাকার চাঁদাবাজি ও দখলদারিত্ব শুরু করেন। প্রথমে তিনি দখলে নেন তালতলী-পাতারহাট রুটের স্পিডবোট ঘাট। ওই ঘটনায় স্পিডবোট চালক ও মালিকরা তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চাঁদাবাজির অভিযোগও করেছেন।
এ ছাড়া চলতি বছরের সেপ্টেম্বর মাসে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ শামসুদ্দোহা আবিদের নিয়ন্ত্রণাধীন অবৈধ বালুর ব্যবসা দখল করেন। পাশাপাশি জেলা প্রশাসনের মালিকানাধীন তালতলী বন্দরে দুইটি পুকুর দখল করে মাছ চাষ শুরু করেন তিনি।
তিনি আরও জানান, এ নিয়ে প্রতিবাদ করায় গত শুক্রবার রাতে চরবারিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল সিকদারকে হাতুড়িপেটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মুমূর্ষু অবস্থায় তালতলি বন্দরে ফেলে রেখে যায়। রেজাউল বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন জীবন বলেন, রেজাউল সিকদারকে কুপিয়ে আহত করার ঘটনায় কাউনিয়া থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করছে না। সুরুজ ও তার সহযোগীরা প্রকাশ্যে থাকায় চরবাড়ীয়ার মানুষ অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বশির শিকদার বলেন, তার কর্মকাণ্ডের জন্য আগামীতে সংগঠন তো ক্ষতিগ্রস্ত হবেই তার পাশাপাশি ত্যাগী নেতারা আক্রোশের শিকার হবেন। যা দলের জন্য কাম্য নয়। এতে দল ক্ষতিগ্রস্ত হবে। সুরুজকে বিএনপি থেকে বহিষ্কার করে চরবাড়িয়া ইউনিয়নের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানাই।
পুরো অভিযোগ অস্বীকার করে সুরুজ আহমেদ বলেন, ‘আমি তালতলী বাজার কমিটির নির্বাচিত সভাপতি। পাশাপাশি আমি চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী। অপরদিকে ছাত্রদল নেতা সাজ্জাদের পিতাও একই পদপ্রার্থী। ফলে রাজনৈতিক ভাবেই আমাকে হেনস্তা ও পদবঞ্চিত করার পাঁয়তারা চালাচ্ছেন তারা।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরবাড়িয়া শাহরিয়ার তন্ময় নবীন, শফিকুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সজীব এবং ইউনিয়ন ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
মঈনুল/তাওফিক/