চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া জব্দ করা হয়েছে একটি হায়েস গাড়ি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে বারইয়ারহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার জেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের পেশকার পাড়া এলাকার মোহাম্মদ আরিফুল ইসলাম (২৮) ও একই জেলার ঈদগাঁও থানার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাপিতাখালী গ্রামের মো. জাবের প্রকাশ রানা (২৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার একটি টিম বারইয়ারহাট পৌরসভার এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে বারইয়ারহাট বাজারের উত্তরা বাস কাউন্টারের সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি সাদা হায়েস গাড়ি থামানোর চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করে। পরে গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। গাড়িটিও জব্দ করা হয়েছে।উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১১ লাখ ৭০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
রুদ্র/মেহেদী