মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ সুন্দরবনের কুখ্যাত সুমন বাহিনীর পাঁচ ছিঁচকে চোরকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার (২১ মার্চ) বিকেল ৪টায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল মোংলার ভদ্রা ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সুমন বাহিনীর পাঁচ চোরকে আটক করে।
আটকরা হলেন- বাগেরহাট জেলার মোংলা উপজেলার মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০), খুলনা জেলার কয়রা উপজেলার মো. আজিম (২৬) ও মো. মেজবাহ (১৯)।
আটকদের বিরুদ্ধে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে এবং তারা উক্ত মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, 'কুখ্যাত সুমন বাহিনীর একটি দল বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশ্যে মোংলা থেকে হারবারিয়ার দিকে যাবে। গোয়ন্দা তথ্যের ভিত্তিতে বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল ভদ্রা ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোট তল্লাশি চালিয়ে ৯ পিস ইয়াবা, আনুমানিক ২৫ গ্রাম গাঁজা, ১২টি দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়। জব্দ আলামতসহ আটকদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
রিফাত মাহামুদ/জোবাইদা/