নড়াইলের কালিয়ায় রফিকুল মোল্যা (৩৮) নামে এক হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখের বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রফিকুল মোল্যা ওই গ্রামের আজিজুল মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্যা ও আফতাব মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত ১১ এপ্রিল এই বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আফতাব মোল্যা গ্রুপের ফরিদ মোল্যা (৫৭) নামে একজন নিহত হন। পরে এ ঘটনায় নিহতের স্ত্রী চম্পা বেগম বাদি হয়ে কালিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় মিলন মোল্যার পক্ষের সমর্থক রফিকুল ইসলামও আসামি ছিলেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষ আফতাব মোল্যা পক্ষের লোকজন রিকাইল শেখের বাড়ির পেছনে রফিকুলের পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালিয়া থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠায়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শরিফুল/মেহেদী/