ফরিদপুরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে মো. নুরদ্দীন মোল্লাকে (৫৭) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২০ জুলাই) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এ রায় দেন।
একই সঙ্গে আসামিকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। যা জেলা কালেক্টর আসামির জমিজমা বিক্রি করে ভুক্তভোগীকে দেবেন বলে রায়ে উল্লেখ করা হয়।
রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলে নেওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোষাগোপালপুরের বাড়ি থেকে ভুক্তভোগী কিশোরীর বাবা শহরে যান। এ সময় কিশোরী বাড়িতে একাই ছিল। পরে বাড়ির পাশের নুরুদ্দিন মোল্লা এসে তাকে ধর্ষণ করে। মেয়েটির চাচাতো ভাই বিষয়টি জানলা দিয়ে দেখে ফেললে নুরুদ্দিন পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা কিশোরীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ফরিদপুর কোতয়ালী থানায় একটি ধর্ষণ মামলা করেন।
রায়ের বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘আদালতে আমরা সর্বোচ্চ বিচার পেয়েছি, এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ খুশি হয়েছি।’
সঞ্জিব/পপি/