কুমিল্লার চান্দিনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মোস্তফাকে (৩০) আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৫২ লাখ ৮৮ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
বুধবার (৩০ জুলাই) রাত ১টার দিকে উপজেলার মহিচাইল গ্রামের ভূইয়াপাড়া নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার (৩১ জুলাই) চান্দিনা থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
মাদক ব্যবসায়ী মো. মোস্তফা ওই গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী মোস্তফা দীর্ঘদিন যাবৎ চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে রাতারাতি কোটিপতি বনে গেছেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছিল তার মাদকের সাম্রাজ্য। এলাকায় তার অর্ধশত খুচরা বিক্রেতা আছে। যারা তার কাছ থেকে ইয়াবা নিয়ে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে মাদকসেবীদের কাছে বিক্রি করছে। স্থানীয় কেউ যদি মাদকের বিরুদ্ধে কথা বলে তাকেই হুমকি দিতেন মোস্তফা। অবশেষে বিষয়টি সেনাবাহিনী চান্দিনা ক্যাম্পের গোয়েন্দাদের নজরে আসলে গোয়েন্দা তৎপরতা বাড়ায় সেনা কর্তৃপক্ষ।
সেনা বাহিনী চান্দিনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. আল সোয়ানূর ইসলাম জানান, মাদক ব্যবসায়ী মোস্তফার তথ্যটি আমাদের কাছে আসলে তার ওপর আমাদের নজরদারি বাড়াই। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টায় মাদক ও মাদক বিক্রির টাকাসহ তাকে হাতেনাতে আটক করে চান্দিনা থানা পুলিশে সোপর্দ করি। যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, 'শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মোস্তফার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলার সব প্রক্রিয়া শেষ হলে তাকে আদালতে হাজির করা হবে।'
জহির/মেহেদী/