মাগুরা সদর উপজেলার আলাইপুর গ্রামে চুরির অভিযোগে সজল মোল্লা (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।
রবিবার (১০ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত সজল মোল্লা আলাইপুর পূর্বপাড়ার শরিয়ত মোল্লার ছেলে।
সজলের চাচাতো ভাই মোহাম্মদ আলী জানান, রবিবার সকালে খবির মুন্সি, তার ছেলে ও ভাতিজারা চুরির অভিযোগে সজলকে ধরার চেষ্টা করেন। বিকেল ৫টার দিকে আলাইপুর কালিতলা এলাকা থেকে তাকে ধরে মারধর করা হয়। পরে রাত ১০টার দিকে সজলের অবস্থার অবনতি হলে খবির মুন্সিরা তাকে হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পর সেখানে তার মৃত্যু হয়।
পুলিশ হেফাজতে থাকা খবির মুন্সি দাবি করেন, সজল তার বাড়ি থেকে সাত হাজার টাকা চুরি করেছিল।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, চুরির অভিযোগে কিশোরকে পিটিয়ে হত্যার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি। মরদেহের ময়নাতদন্ত করার জন্য পাঠানো হয়েছে।
শ্রাবণ/মৌসুমী/