বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল হোসেনকে (২৪) হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই পাম্পের আরেক কর্মী (সেলসম্যান) রতন পলাতক রয়েছেন। তাকেই এ হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন মনে করা হচ্ছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে পাম্পের ক্যাশ কাউন্টারের ভেতরে তাকে হত্যা করা হয়।
নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। প্রায় আড়াই বছর ধরে তিনি এ ফিলিং স্টেশনে ক্যাশিয়ারের কাজ করছিলেন এবং বগুড়ার শিববাটি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পাম্প কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে ক্যাশিয়ার ইকবালের সঙ্গে ডিউটিতে ছিলেন রতন। ভোরে অন্য কর্মীরা কাজে এসে ক্যাশ কাউন্টারের ভেতরে ইকবালের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ইকবালকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তবে হত্যার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মাদ রায়হান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ও সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট)সহ পুলিশের একাধিক দল কাজ করছে।
তিনি বলেন, 'ঘটনার পর থেকেই রতন নামে ওই সেলসম্যান পলাতক। হত্যার মূল রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।'
এদিকে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ দ্রুত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসবে বলে আশা করছেন নিহতের পরিবার ও সহকর্মীরা।
রিপন/নাঈম/