রাজধানীর কামরাঙ্গীরচরে অমানবিক ঘটনা ঘটেছে। চেয়ারম্যান বাড়ি এলাকার মোস্তফা প্লাস্টিক ও বোতল কারখানায় মোহাম্মদ তানভীর (১৪) নামের এক কিশোর কর্মচারী গুরুতর আহত হয়েছে। সহকর্মীরা দুষ্টুমির ছলে তার পায়ুপথে পাইপ দিয়ে বাতাস ঢুকিয়ে দেন। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
সোমবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
পরে সহকর্মীরা তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তানভীরকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
অসুস্থ তানভীরের বাবা মোহাম্মদ মানিক জানান, তার ছেলে ওই কারখানায় কাজ করে। দুই-তিনজন কর্মচারী দুষ্টামির ছলে এমন অমানবিক কাজ করেছে। এতে তার ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
মানিক আরও জানান, তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার পালকিনি গ্রামে। বর্তমানে তারা কামরাঙ্গীরচর কয়লার ঘাট এলাকায় রফিক মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, চিকিৎসক জানিয়েছেন, তানভীরের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
শেখ জাহাঙ্গীর/অমিয়/