চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদের বাবা নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুমিরাঘোনা বায়তুশ শরফ সংলগ্ন চৌধুরী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন বলে জানা গেছে।
জানা যায়, নিহত নুরুল ইসলাম তার অটোরিকশায় ওই এলাকায় যাত্রী আনতে যাচ্ছিলেন। যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কের পাশে পড়েছিলেন। ভোরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পিঠে গুলির চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
নিহতের ছেলে ও বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমি বর্তমানে ঘটনাস্থল আছি। এখানে প্রশাসনের লোকজন তদন্তে এসেছেন। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন ফজরের আজানের আগে তারা গুলির শব্দ শুনছেন। আমার বাবার শরীরের পিছনে গুলির চিহ্ন রয়েছে। এ ছাড়াও সিএনজিচালিত অটোরিকশায়ও গুলির চিহ্ন দেখা গেছে। আমি খুবই মর্মাহত এবং বাকরুদ্ধ।’
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল হক বলেন, নিহত নুরুল ইসলাম সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। আমার জানামতে তিনি প্রায়সময়ই রাতে যাত্রী পরিবহন করেন। তাকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল খবরের কাগজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে। আমরা ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করছি। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরিফুল ইসলাম/অমিয়/