ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে (২৮) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে মোট ১৮ জন গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে ভালুকার উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা নূর আলম (৩৩), জেলার তারাকান্দা উপজেলার মো. শামীম মিয়া (২৮), সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার তাকবির (২২), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রুহুল আমিন (৪২), নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সেলিম মিয়া (২২) ও মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা মো. মাসুম খালাসী (২২)।
এর আগে এই ঘটনায় গ্রেপ্তাররা হলেন- পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার ফ্লোর ইনচার্জ আলমগীর হোসেন (৩৮), কোয়ালিটি ইনচার্জ মিরাজ হোসেন (৪৬), শ্রমিক তারেক হোসেন (১৯), লিমন সরকার (২২), মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯) ও নিঝুম উদ্দিন (২০), ভালুকার বাসিন্দা আজমল হাসান (২৬) আশিকুর রহমান (২৫), কাইয়ুম (২৫) ও শাহিন মিয়া (১৯) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা মো. নাজমুল (২১)।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা কারখানায় উপস্থিত কর্মচারীদের উসকানি, স্লোগান দিয়ে কারখানার বাইরে ছড়িয়ে দেওয়া এবং দীপুকে চাকরি থেকে ইস্তফা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়া দীপু হত্যার ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে বিবস্ত্র করে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে ভালুকা মডেল থানায় ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। পুলিশ ও র্যাব পৃথক অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে। আসামিদের তিন দিন করে রিমান্ডের আদেশ দেন ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।
নিহত দীপু চন্দ্র দাস জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে তিনি ওই কোম্পানিতে কাজ করছিলেন। তার দেড় বছর বয়সি একটি মেয়ে রয়েছে।
কামরুজ্জামান/এসজি/