ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নে মুক্তির বাগ এলাকায় নিখোঁজের ২০ দিন পর রোকেয়া রহমান (৩২) ও তার মেয়ে ফাতেমার (১৪) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকার জনৈক শামীম মিয়ার বাড়ির ৫ তলা ভবনের ২য় তলায় নিহত ফাতেমার গৃহশিক্ষিকা মিমের ভাড়া ফ্লাট বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ দুটি উদ্ধার করে।
পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী মো. শাহীন মিয়া, তিনি পেশায় একজন আইনজীবির মুহুরি।
কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো রনি চৌধুরী বলেন, ‘জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে খবর পেয়ে কেরানীগঞ্জে মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নে মুক্তির বাগ এলাকায় নিহতদের ভাড়া ফ্লাটের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে খাটের নীচ থেকে মা রোকেয়ার মরদেহ ও বাথরুমের ফলস ছাদ থেকে অষ্টম শ্রেণী পড়ুয়া ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। মা-মেয়ে নিখোজের ঘটনায় ২৫ ডিসেম্বর ২০২৫ রোকেযার স্বামী শাহীন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এ ঘটনায় পুলিশ গৃহ শিক্ষিকা মিমসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে এবং এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
নয়ন/নাঈম/