মানিকগঞ্জের সিংগাইরে জমিসংক্রান্ত বিরোধে নজরুল ইসলাম (৫০) নামে এক বড় ভাইকে হত্যা করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সিংগাইর পৌরসভার গোলড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। অভিযুক্ত ছোট ভাই খন্দকার ওয়াহিদ (৪০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বড় ভাই নজরুল ইসলাম ও ছোট ভাই খন্দকার ওয়াহিদের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে নিজ বাড়িতে দুই পক্ষের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমির সমাধানের লক্ষ্যে স্থানীয় মুরুব্বিরা সালিশে বসেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওয়াহিদ ও তার পরিবারের সদস্যরা নজরুল ইসলাম ও তার ছেলে অভিকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে নজরুল ইসলাম ও তার ছেলে অভির (২৮) মাথায় লাঠি দিয়ে আঘাত করলে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদেরকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নজরুল ইসলামের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই নজরুল ইসলামের মৃত্যু হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
আসাদ জামান/নাঈম