সিলেটের গোয়াইনঘাট উপজেলার কিশোরী নাতনিকে (১৪) রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দাদি দিলারা বেগম (৫৪) নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সহায়তায় দাদিকে ছুরিকাঘাতকারী মামলার প্রধান আসামি হারুনুর রশিদকে (৩২) গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
রবিবার (১৭ মে) ভোররাতে র্যাব ৯-এর সহযোগিতায় উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মাটিকাপা গ্রামে তার ফুফুর বাড়ি থেকে হারুনকে গ্রেপ্তার করা হয়।
আসামি হারুনের বাড়ি নয়াপাড়া (বীরমঙ্গল হাওর) এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) রাতে হারুন তার কয়েকজন যুবক সঙ্গী নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। তারা তখন কিশোরীর মুখ চেপে ধরে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কিশোরীর মা সাজনা বেগম ও দাদি দিলারা বেগম বাধা দেন।
এ সময় কিশোরীর চিৎকার শুনে তার মা এগিয়ে এলে দুর্বৃত্তরা তার হাতে কামড় দেয়। আর দাদি দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে এলাকাবাসীকে জড়ো করার চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করে। দুর্বৃত্তরা দাদির বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় শনিবার (১৬ মে) কিশোরীর মা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় হত্যা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তার হারুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি তার সঙ্গীদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।
অন্তরা/