মানিকগঞ্জে এক নারীর অশ্লীল ছবি তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো।
গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার চর ঘোস্তা গ্রামের মো. সেলিম মিয়া, সিংগাইর উপজেলার ব্রী-কালিয়াকৈর গ্রামের সাদ্দাম হোসেন এবং একই উপজেলার বাঙ্গালা গ্রামের মো. ইয়াসিন।
পুলিশ জানায়, ভুক্তভোগীর বাসায় রাজমিস্ত্রীর কাজ করতেন সেলিম। তার মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করার সুযোগ নিয়ে মোবাইল থেকে কয়েকটি ছবি সংগ্রহ করে সেগুলো এডিট করে অশ্লীল ছবি তৈরি করে। পরে ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে বিভিন্নভাবে হয়রানি করে এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার বিজয় মেলার মাঠ এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, এ ঘটনায় মানিকগঞ্জ থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
আসাদ জামান/আমান