অস্ট্রেলিয়ার মেলবোর্নের ওয়্যারিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভিক্টোরিয়া শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় ওয়্যারিবির হলে আয়োজিত এই অনুষ্ঠানে ভিক্টোরিয়ার বিভিন্ন এলাকায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি ভিক্টোরিয়ার আহ্বায়ক আরিফ খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আশিক মালেক বিপুল। দোয়া পরিচালনা করেন বিএনপি ভিক্টোরিয়ার যুগ্ম আহ্বায়ক হাফেজ মোহাম্মদ শরীফ মাহমুদ।
বক্তারা তাদের বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাস মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। উপদেষ্টা মণ্ডলি থেকে মিলন খন্দকার প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে বিএনপি ভিক্টোরিয়া এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ভিক্টোরিয়ায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিএনপি ভিক্টোরিয়ার নেতৃবৃন্দ ও সংগঠকরা।
এ সময় মেলবোর্নে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি—ভিক্টোরিয়ায় একটি বাংলাদেশ কনস্যুলেট অফিস স্থাপন—বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে তেলাল খান একটি প্রস্তাব উত্থাপন করেন এবং বিএনপি ভিক্টোরিয়া এ দাবিকে বাস্তবায়নের লক্ষ্যে জোরালোভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।
বিশেষভাবে সহযোগিতা ও অবদানের জন্য কৃতজ্ঞতা জানানো হয় বিএনপি ভিক্টোরিয়ার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ শিহান, যুগ্ম আহ্বায়ক তেলাল খান, উপদেষ্টা মিলন খন্দকার, মোহাম্মদ ওমর ফারুক, মো. আল আমিন মাছুম, দেওয়ান মামুন, সদস্য মোহাম্মদ বদিউজ্জামান শিপন, রাশেদুল আমিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রহমত উল ইসলামসহ বিএনপি ভিক্টোরিয়া এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফল ও প্রাণবন্ত হয়ে ওঠে।
ইফতারের পর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত অতিথিদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।