ঢাকাই সিনেমার প্রিয় মুখ পূজা চেরি। এবারের শারদীয় দুর্গা উৎসব ঘিরে কোনো পরিকল্পনা নেই তার। কয়েক মাস আগে সব সময়ের সঙ্গী মাকে হারিয়েছেন তিনি। সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি। এখনো প্রতিমুহূর্তে মাকে মনে পড়ে। তাই তো পূজার পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাইলে তার চোখ জলে ভরে ওঠে।
পূজা চেরি গণমাধ্যমকে বলেন, সবাই জানেন, মা আমার সঙ্গে নেই। তিনি মারা গেছেন ছয় মাস হতে চলেছে। গতবারও মা আমার সঙ্গে ছিলেন। বিভিন্ন পূজামণ্ডপে মা আমার হাত ধরে গেছে। বিষয়টা এমন, আমি তাঁর মা। ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে। এবার আসলে সেভাবে কোনো পরিকল্পনা নেই। নিজের জন্য কিছুই কিনিনি। কিনবও না। কাজ নিয়েই ব্যস্ত থাকব।
চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু থেকে সব সময়ই মাকে পাশে পেয়েছেন পূজা। মেয়ের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হতেন মা ঝরনা রায়। মায়ের সহযোগিতার কথা কখনো ভুলতে পারেন না তিনি। যেকোনো সাক্ষাৎকারে মায়ের সমর্থনের কথা বলেন এই নায়িকা।
আরো পড়ুন: রুবেল ও পূজা চেরীর ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’
এদিকে রায়হান রাফীর পরিচালনায় ‘ব্ল্যাক মানি’ শিরোনামে অ্যাকশন ও থ্রিলারধর্মী ওয়েব সিরিজে অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। তার সঙ্গে নায়ক হিসেবে আছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। এতে আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, সাইদুর রহমান পাভেল, মুকিত জাকারিয়া প্রমুখ। এরই মধ্যে শুরু হয়েছে ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের শুটিং। আগামী নভেম্বরে এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।
ওয়েব সিরিজটিতে অভিনয় প্রসঙ্গে পূজা চেরি বলেন, আমার আর রায়হান রাফীর একসঙ্গেই পথচলা শুরু হয়েছিল। অনেকেই রাফী-পূজা জুটিকে পুনরায় চাচ্ছিল। অবশেষে আবার একসঙ্গে কাজ করছি। পরিচালক রায়হান রাফী ছাড়া চিত্রনায়ক রুবেল ভাইসহ সিরিজের সবার সঙ্গেই প্রথমবার কাজ করতে যাচ্ছি। প্রত্যেকেই আমার অনেক সিনিয়র। সব মিলিয়ে কাজ ভালো হবে বলেই আমার বিশ্বাস।
কলি