খ্যাতিমান কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন আজ ১৩ নভেম্বর। বেঁচে থাকলে আজ ৭৬ বছর বয়সে পা রাখতেন বরেণ্য এই লেখক ও নির্মাতা। তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হুমায়ূন আহমেদের নিজ জেলা নেত্রকোনায় হিমু উৎসবের আয়োজন করেছেন তরুণ পাঠক ও ভক্তরা। প্রতিবারের মতো এবারও দিবসটিতে তরুণরা হিমু-রূপা সেজে বিভিন্ন বয়সের কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সামাজিক, সাংস্কৃতিকদের সঙ্গে নিয়ে শোভাযাত্রা বের করবে। পরে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে তারুণ্যনির্ভর সামাজিক সংগঠন হিমু পাঠক আড্ডা।
আয়োজকরা জানায়, আজ বেলা ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় সাতপাই থেকে হলুদ পাঞ্জাবিতে হিমু আর নীল শাড়িতে রূপা সেজে লেখকের নাটক-সিনেমায় ব্যবহৃত গানের সঙ্গে নেচে-গেয়ে মোক্তারপাড়া মুক্তমঞ্চ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার হেঁটে যাবে। সেখানে হিমু-রূপাদের নিয়ে কেক কাটবেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। সন্ধ্যায় হিমু পাঠক আড্ডার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আড্ডায় লেখকের তৈরি নাটক সিনেমায় ব্যবহৃত কালজয়ী গান ও নৃত্য পরিবেশিত হবে। শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে লেখক সম্পর্কে আলোচনা করবেন স্থানীয় কবি লেখক সাহিত্যিকরা। এ ছাড়া লেখকের জন্মস্থান নানার বাড়ি মোহনগঞ্জের শেখ বাড়িতে ও লেখকের পৈতৃক ভিটা কেন্দুয়ার কুতুবপুরে লেখক প্রতিষ্ঠিত শহিদ স্মৃতি বিদ্যাপীঠে দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে।
প্রতিবছরের মতো এবারও হুমায়ূন স্মৃতিবিজড়িত নুহাশপল্লীতে আজ হুমায়ূন-ভক্তরা প্রিয় লেখকের কবর জিয়ারত করবেন। পাশাপাশি রয়েছে মিলাদ ও দোয়ার মাহফিল। হুমায়ূন-ভক্তদের সংগঠন হিমু পরিবহনের আয়োজনে রয়েছে পদযাত্রা, হুমায়ূনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা।
এ ছাড়া হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে নাট্যসংগঠন ‘বহুবচন’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে দলের ২৫তম প্রযোজনা ‘আমি এবং আমরা’ মঞ্চায়ন হবে। হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘আমি এবং আমরা’ অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন মনু মাসুদ এবং নির্দেশনা দিয়েছেন আরহাম আলো।
খ্যাতিমান এই সাহিত্যিকের জন্মদিন উপলক্ষে বাংলাভিশনে প্রচার হবে ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। এতে অতিথি হিসেবে থাকবেন অভিনেতা ও ডাক্তার এজাজুল ইসলাম। এ সময় অনুষ্ঠানে হুমায়ুন আহমেদের সঙ্গে তার পরিচয়, কাজের অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণা করবেন তিনি। আফিয়া বৃষ্টির প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জোনাকি জ্যোতি। অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচারিত হবে আজ সকাল ৮টা ৩০ মিনিটে। এ ছাড়া দুপুর ১টা ৩০ মিনিটে একই চ্যানেলে প্রচার হবে ‘সিনেমার গান’-এর বিশেষ পর্ব। অনুষ্ঠানে হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্রের কয়েকটি গান প্রচার করা হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গুলশান হাবিব রাজীব।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তার ডাক নাম ছিল কাজল। বাবার রাখা প্রথম নাম শামসুর রহমান হলেও পরে তার বাবা ছেলের নাম বদলে রাখেন হুমায়ূন আহমেদ। নন্দিত এই লেখক মরণব্যাধি ক্যানসারের চিকিৎসায় যুক্তরাষ্ট্রে যাওয়ার পর ২০১২ সালের ১৯ জুলাই মাত্র ৬৪ বছর বয়সে চলে যান না ফেরার দেশে। ২৪ জুলাই বাংলাদেশের ঢাকার গাজীপুরে নুহাশপল্লীর লিচুতলায় চিরনিদ্রায় শায়িত করা হয় এই কিংবদন্তিকে। হুমায়ূন আহমেদ আজও বেঁচে আছেন কোটি কোটি দর্শক ও পাঠকের হৃদয়ে।
হাসান