বলিউড ভাইজান সালমান খানকে বেশ কিছুদিন যাবৎ ফোন কল ও চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। যার দরুন অভিনেতার নিরাপত্তা শক্তিশালী করতে বাড়ানো হয় লোকবল। তবে এবার এসব লোকের চোখ ফাঁকি দিয়ে এক অজ্ঞাত ব্যক্তি ঢুকে পড়েন সালমানের শুটিং ফ্লোরে, দেন সরাসরি হত্যার হুমকি। তবে বলিউড সুপারস্টারের কাছাকাছি যাওয়ার আগেই নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, গতকাল বুধবার (৪ ডিসেম্বর) রাতে মুম্বাইয়ের দাদর এলাকার জোন-৫ এ সালমান খানের শুটিং লোকেশনে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ঞোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছেন।
মুম্বাই পুলিশ জানিয়েছে, সালমান খানের শুটিং চলাকালে অজ্ঞাত এক ব্যক্তি শুটিং ফ্লোরে ঢুকে পড়েন। এরপর নিরাপত্তারক্ষীরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি নিজেকে লরেন্স বিষ্ঞোইয়ের গ্যাংয়ের সদস্য উল্লেখ করে বলিউড ভাইজানকে হত্যার হুমকি দেন। এরপর তাকে আটক করেন নিরাপত্তাকর্মীরা। পরে মুম্বাই পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই এবং গোটা বিষ্ণোই সম্প্রদায় একটি কালো হরিণ হত্যার অভিযোগে সালমানের ওপর দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ। অভিযোগ করা হয়, সালমান এমন কাণ্ড ঘটিয়েছিলেন রাজস্থানে ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময়। তখন বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সালমানকে গ্রেপ্তারও করা হয়েছিল।
এরপর তাকে দোষী সাব্যস্ত করে পরবর্তী সময়ে জামিনে মুক্তি দেওয়া হয়। এ ঘটনার পর থেকেই সালমানকে হত্যার জন্য উঠেপড়ে লেগেছেন লরেন্স। আতঙ্ক বাড়ে বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর। এরপর থেকে নিয়মিত হত্যার হুমকি পাচ্ছেন সালমান। ইতোমধ্যে গ্যাংটি ৫ কোটি রুপির বিনিময়ে সালমান খানকে হত্যা প্রচেষ্টা থেকে সরে আসবে বলে জানিয়েছে।
হাসান