এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী লুইপা। স্টেশ শো বছরজুড়েই ব্যস্ততা তার। মাঝে মাঝে নিজের নতুন মৌলিক গানও প্রকাশ করেন এই গায়িকা। তবে সিনেমার গানে খুব বেশি দেখা যায় না তাকে। এর আগে রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমার ‘ধীরে ধীরে তোর স্বপ্নে’ এবং সোলায়মান আলী লেবু পরিচালিত ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার ‘পাগল মন’ গানটি গেয়েছেন লুইপা।
এবার তৃতীয়বারের মতো সিনেমার গানে কণ্ঠ দিলেন এই সেরা কণ্ঠখ্যাত গায়িকা। সংগীতশিল্পী এসডি রুবেলের নির্মাণাধীন সিনেমা ‘নীল আকাশে পাখি উড়ে’ সিনেমার টাইটেল গানটিতে কণ্ঠ দিয়েছেন লুইপা। গানের কথা লেখার পাশাপাশি এর সুরও করেছেন এসডি রুবেল। গানটিতে লুইপার সহশিল্পীও এসডি রুবেল।
এ সম্পর্কে লুইপা বলেন, ‘সিনেমায় আমার গানের সংখ্যা খুব কম। অথচ আমার প্রবল ইচ্ছা সিনেমাতে প্লে-ব্যাক করার। আমার বিশ্বাস সিনেমাতে আরও গান গাওয়ার সুযোগ পেলে শ্রোতা-দর্শককে আরও ভালো গান উপহার দিতে পারব। ধন্যবাদ রুবেল ভাইকে তার সিনেমায় আমাকে একটি গান গাইবার সুযোগ করে দেওয়ার জন্য। জানি না কেমন গেয়েছি, তবে কথা ও সুর আশা করছি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’
এসডি রুবেল বলেন, ‘লুইপার কণ্ঠটা অসাধারণ। তার কণ্ঠে ভীষণ মায়া এবং আবেগ আছে। তাকে নিয়ে কাজ করে আমি ভীষণ সন্তুষ্ট। আগামীতেও তাকে দিয়ে নতুন গান করার ইচ্ছা রয়েছে।’
হাসান