বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। গত এক দশকে বলিউডের সবচেয়ে সফল এবং সর্বোচ্চ বেতনপ্রাপ্ত নারী তারকা হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি। এবার নিজের অভিনীত সিনেমার বিশ্বব্যাপী আয় বলিউডের তিন খান শাহরুখ, সালমান এবং আমিরকেও ছাড়িয়ে গেলেন এই অভিনেত্রী।
এখন পর্যন্ত এই তিন খানের প্রত্যেকেই তাদের ক্যারিয়ারে বিশ্বব্যাপী বক্স অফিসে ৭ হাজার কোটি রুপির বেশি আয় করেছেন। এর মধ্যে শাহরুখ খানের সিনেমা বিশ্বব্যাপী ৯ হাজার কোটি, অক্ষয় কুমার ৮ হাজার ৩০০ কোটি, সালমান খান ৭ হাজার ৫০০ কোটি এবং আমির খানের সিনেমা ৭ হাজার ২০০ কোটি রুপির ব্যবসা করেছে। এরপরও তারা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের চেয়ে বেশ পিছিয়ে।
১৮ বছরের ক্যারিয়ারে দীপিকার সিনেমাগুলো বিশ্বব্যাপী বক্স অফিস থেকে মোট ১০ হাজার ২০০ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে কেবল ভারতীয় সিনেমাগুলো আয় করেছে ৮ হাজার কোটি রুপি। আর দীপিকা অভিনীত একমাত্র হলিউড সিনেমা ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ থেকে এসেছে প্রায় ২ হাজার ২০০ কোটি রুপির মতো। অর্থাৎ এই বলিউড অভিনয় শিল্পীর থেকে এখনো বেশ খানিকটা পিছিয়ে আছেন বলিউডের পুরুষ তারকারা।
তবে মজার বিষয় হলো, দুই বছর আগেও তিনি ভারতের সবচেয়ে বেশি উপার্জনকারী অভিনেত্রী ছিলেন না। এমনকি পুরুষ ও নারী অভিনেতাদের মধ্যে শীর্ষ ৫-এও ছিলেন না এই পদ্মাবত তারকা। ২০২৩ এবং ২০২৪ সালে পাঁচটি সিনেমা উপহার দিয়ে তালিকার শীর্ষে পৌঁছে গেছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ভারতের সর্বোচ্চ উপার্জনকারী মহিলা তারকাদের মধ্যে দীপিকার পরে তালিকার দুইয়ে আছেন প্রিয়াংকা চোপড়া (৬ হাজার কোটি) এবং তিনে ক্যাটরিনা কাইফ (৫ হাজার ৫০০ কোটি)।
হাসান