বাংলাদেশের সিনেমার গানে ‘রুনা লায়লা ও অ্যান্ড্রু কিশোর’-এর গাওয়া বহু জনপ্রিয় গান রয়েছে। উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, সুরকার রুনা লায়লার সঙ্গে অ্যান্ড্রু কিশোরের পর অনেকেই দ্বৈত গান গেয়েছেন। আবার অনেকেই তার সঙ্গে গান গাওয়ার স্বপ্ন নিয়ে প্রতীক্ষায় ছিলেন। কিন্তু কিছু কিছু স্বপ্ন শিল্পীদের ক্ষেত্রে অধরাই থেকে যায়। তবে ভাগ্য সহায় হলে সেই অধরা স্বপ্নই যেন ধরা দেয়। দেশের গুণী, জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার, সংগীত পরিচালক বাপ্পা মজুমদারের ক্ষেত্রেও যেন ঠিক তাই হয়েছে। গীতিকার সৈয়দ গালিব হাসানেরই উদ্যোগে বাপ্পা মজুমদারের সুর ও সংগীতে ‘বলেছো’ শিরোনামের একটি একক গানে কণ্ঠ দেওয়ার কথা ছিল রুনা লায়লার।
গানের পুরো কাজটি নেপথ্যে থেকে নির্দেশনাসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ ভীষণ আন্তরিকতা নিয়ে করছিলেন গালিব। কিন্তু গানটির কথা ও সুর শোনার পর রুনা লায়লা বাপ্পা মজুমদারকে বলেন, ‘তুমি বরং আমার সঙ্গে গাও’। আর এর পরপরই যেন দৃশ্যপট বদলে যায়। অবশেষে গেল বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে বাপ্পা মজুমদারের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।
গানটি প্রসঙ্গে জীবন্ত কিংবদন্তি শিল্পী রুনা লায়লা বলেন, “‘বলেছো’ খুউব সুন্দর একটি গান। কম্পোজিশনটা এক কথায় অসাধারণ। গালিবের লেখা গানের কথাও খুউব সুন্দর। সত্যিই, বাপ্পার সঙ্গে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। প্রথমবার আমার আর বাপ্পার ডুয়েট গান। একটি কথাই বলব, গানটি গেয়ে অনেক তৃপ্তি পেলাম।”
বাপ্পা মজুমদার বলেন, ‘আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা! আমার প্রথম থেকেই ভীষণ নার্ভাস লাগছিল! কিংবদন্তি এই মহান শিল্পীর জন্য গান করতে পারা নিঃসন্দেহে এক পরম প্রাপ্তি। রুনা ম্যামের গাওয়া নিয়ে কোনো কথা বলবার সাহস আমি নাই দেখাই! গানটি মূলত করা হয়েছিল শুধু ম্যামের জন্য। ম্যাম নিজ থেকেই বলেছিলেন, তুমি বরং আমার সাথে গাও। গানটি ডুয়েট হোক! ব্যাপারটি আমার কাছে হাতে চাঁদ পাওয়ার মতো বললে অত্যুক্তি হবে না একদমই! আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি। কারণ এই কিংবদন্তির সঙ্গে গান করতে পারাই আমার কাছে এক পরম প্রাপ্তি। পুরো আয়োজনটি গালিব ভাইয়ের। তাই এই আয়োজনের সিংহভাগ কৃতিত্ব গালিব ভাইকেই দিতে চাই। আশা করি শুদ্ধ গানের শ্রোতাদের ভালো লাগবে, সেই সঙ্গে গান যারা ভালোবাসেন, তারাও পছন্দ করবেন। বাকিটা শ্রোতাদের হাতেই ছেড়ে দিলাম। শুদ্ধতার জয় হোক সর্বক্ষেত্রে।’
হাসান