জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ফাতিমা’। এক নারীর জীবন সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। পরিবার ছেড়ে ঢাকা শহরে একটি মেয়ের নতুন করে জীবন শুরু করার সংগ্রাম ওঠে এসেছে এর গল্পে। এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন ফারিণ।
গত বছরের ২৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এবার ‘ফাতিমা’ আসছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ২০ ফেব্রুয়ারি দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে সিনেমাটি। ফাতিমা নির্মাণ করেছেন ধ্রুব হাসান।
এ সম্পর্কে নির্মাতা গণমাধ্যমকে বলেন, ‘গত বছরই ওটিটিতে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। কিন্তু জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের প্রেক্ষাপটে ওটিটিতে এর মুক্তি পিছিয়ে যায়। এর মধ্যেই দুইটি চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছে সিনেমাটি। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে। গত বছর ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পায় ‘ফাতিমা’। এবার ঘরে বসেই দর্শকরা ছবিটি দেখতে পারবেন। আমার বিশ্বাস ছবিটি সবার ভালো লাগবে।’
নির্মাতা জানান, ‘ফাতিমা’ নির্মাণ শুরু হয়েছিল প্রায় আট বছর আগে। কাজ শুরু হওয়ার পর মধ্যে দীর্ঘদিন বন্ধ ছিল এর কাজ। অনেক বাধা বিপত্তি পেরিয়ে নির্মাণ শেষ করে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। শুরুতে সিনেমার নাম দেওয়া হয়েছিল ‘দাহকাল’। পরবর্তী সময়ে এর নাম রাখা হয় ‘ফাতিমা’। এতে ফারিণ ছাড়া আরও অভিনয় করেছেন সংগীতশিল্পী পান্থ কানাই, তারিক আনাম খান, ইয়াশ রোহান, শাহেদ আলী সুজন, সুমিত সেনগুপ্ত প্রমুখ।
/ তাসনিম তাজিন