অনবদ্য অভিনেতা শ্যামল মাওলা ও জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এবারই প্রথম একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘মাকড়সা’। এটি আসছে ঈদে দীপ্ত টিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে।
নাটকটি রচনা করেছেন রেবেকা সুলতানা কেয়া। নির্মাণ করেছেন রাগীব রায়হান পিয়াল। ইতোমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা পিয়াল শ্যামল মাওলা ও সাবিলা নূরের অভিনয় ভীষণ খুশি। তাদের নিয়ে কাজ করেও তিনি ভীষণ উচ্ছ্বসিত।
সাবিলা নূর বলেন, ‘সাসপেন্স আর থ্রিলারেই গল্প এগিয়ে যাবে। শেষটা দেখার জন্য দর্শক অপেক্ষায় থাকবেন নিশ্চিত। মাকড়সার গল্প এবং আমার চরিত্রটি খুব ভালো লেগেছে। মন দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে দর্শকের।’
পরিচালক পিয়াল বলেন, ‘নাটকে প্রথমবার তারা দুজন একসঙ্গে অভিনয় করেছেন। দুজনই এককথায় দারুণ অভিনয় করেছেন। আমি খুবই আশাবাদী মাকড়সা নাটকটি নিয়ে। কারণ আমার বিশ্বাস গল্পটা যেমন একেবারেই অন্যরকম, সেই সঙ্গে তারা দুজন যেমন দুর্দান্ত অভিনয় করেছেন তাতে দর্শকও ভীষণ মুগ্ধ হবেন।’
ইতোমধ্যে অনলাইনে প্রচারে এসেছে শ্যামল মাওলার নতুন ওভিসি ‘গোল্ডেন প্লাস টিভি’। এটি নির্মাণ করেছেন মোস্তফা তারিক হাদী। সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি, যা আইস্ক্রিনে দেখা যাচ্ছে। এই সিনেমার গল্প এমন যে একটার পর একটা খুন হয়। কিন্তু খুনি ধরা পড়ে না।
রিপোর্টার শ্রাবণী কি পারবে এই খুনের রহস্য উন্মোচন করতে। এটা জানতেই দেখতে হবে শ্যামল মাওলা অভিনীত ‘আগন্তুক’ সিনেমাটি। এদিকে বৈশাখী টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে শ্যামল মাওলা অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘সবুজ গ্রাম শহরের পাথর’। এটি নির্মাণ করেছেন রুমান রুনি।
এদিকে গত বইমেলায় সাবিলা নূরের লেখা প্রথম বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘ভালোবাসা অতঃপর’। বইটিতে ১০ রকমের ১০টি গল্প আছে বলে জানান সাবিলা। অনন্যা প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে।
/শাকিল