সম্প্রতি প্রকাশ পেল কণ্ঠশিল্পী তানজিন মিথিলার নতুন গান ‘কথা দিলাম’। এই গানে তার সহশিল্পী অমি। গানটি লিখেছেন এম এ আলম শুভ। সুর করেছেন সজিব। গানটি বেশ শ্রুতিমধুর বলে গানটি শ্রোতা-দর্শকের মধ্যে অল্প সময়েই বেশ সাড়া ফেলেছে।
ইতোমধ্যে মিথিলা বিটিভিতে প্রচারের জন্য ‘কী আশ্চর্য বলতো’ শিরোনামের একটি গান গেয়েছেন। দুদিন আগেই বিটিভির একটি অনুষ্ঠানে প্রচারের জন্য মিল্টন খন্দকারের সুর-সংগীতে এই গানে কণ্ঠ দিয়েছেন মিথিলা। এই গানটি নিয়ে তিনি ভীষণ আশাবাদী। মিথিলার ‘হৃদয়ের আয়না’ নাটকেও ‘হৃদয়ের আয়না’ শিরোনামে একটি গান গেয়েছেন। এই গানটিও ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছে। নতুন নতুন মৌলিক গান, নাটকের গান নিয়েই বেশি ব্যস্ত মিথিলা।
নতুন প্রোজেক্টের সাতটি গান গাওয়ার কথা রয়েছে। যার মধ্যে গত শনিবার সন্ধ্যায় এই প্রজেক্টের তিনটি গানে ভয়েজ দিয়েছেন। আরও চারটি গানে ভয়েস দেবেন শিগগিরই। সবগুলো গান ভয়েস দেওয়ার পর এই ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসবে বলে জানান তানজিন মিথিলা। তবে মিথিলা জানান, নতুন যে সাতটি গানে ভয়েজ দিচ্ছেন তিনি তার মধ্যে কয়েকটি গানের কথা ও সুর নিয়ে তিনি ভীষণ আশাবাদী।
তার ভাষ্য মতে, ভাইরাল নয় বরং শ্রোতা দর্শকের মনে গেঁথে যাওয়ার মতো গান হচ্ছে এই প্রজেক্টে। ইতোমধ্যে ‘বাংলাদেশ মেকাপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন’ থেকে সম্মাননা সূচক অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছেন মিথিলা। যে কারণে বেশ উচ্ছ্বসিত তিনি।
তানজিন মিথিলা বলেন, ‘কথা দিলাম গানটার জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। বিভিন্ন প্ল্যাটফর্মে গানটি নানাভাবে ভিডিও আকারেও অনেকে প্রকাশ করছেন। যে কারণে গানটি ছড়িয়ে পড়ছে। নিজের গাওয়া কোনো গানের প্রতি যখন শ্রোতা-দর্শকের মধ্যে ভালো লাগার সৃষ্টি করে তখনই আসলে শিল্পী হিসেবে নিজেকে সার্থক মনে হয়। বিটিভিতে প্রচারের জন্য মিল্টন ভাইয়ের সুর-সংগীতে যে গানটি করেছি এই গানটিও খুব শ্রুতিমধুর। যদিও গানটি বিটিভিতে প্রচার হবে। কিন্তু প্রচারের পর যদি বিটিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় তাহলে সবাই উপভোগ করতে পারবেন আমার গাওয়া আরও একটি একক মৌলিক গান।’
/শাকিল