চ্যানেল আইয়ে ঈদের আগের দিনের নাটক মানেই রেজানুর রহমানের নাটক। এবার রেজানুর রহমান নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘বিক্রয়যোগ্য ভালোবাসা’। এ নাটকে অভিনয় করেছেন লাক্সতারকা শানারেই দেবী শানু, শাহেদ আলী, মাসুম বাসার, মিলি বাশার, মিন্টু সর্দার, দীপান্বিতা রায়, শিশু শিল্পী তানায আজিমসহ বিভিন্ন নাট্যসংগঠনের এক ঝাঁক কর্মী।
নাটকের গল্পে দেখা যাবে, সন্তানের বাবা-মা হওয়া যতটা সহজ, ততটাই কঠিন সন্তানের প্রিয় মানুষ হওয়া। বিক্রয়যোগ্য ভালোবাসায় একজন অসহায় সন্তানের কথা গুরুত্ব পেয়েছে। যার বাবা-মার বিচ্ছেদ হয়েছে।
ফলে মাসের ১৫ দিন বাবার কাছে, বাকি ১৫ দিন মায়ের কাছে থাকে সে। সুযোগ পেলেই হয় বাবা না হয় মাকে একই প্রশ্ন করে- সবার বাবা-মা একসঙ্গে থাকে। কিন্তু আমার বাবা-মা আলাদা থাকে কেন? বাবা-মার কাছে সদুত্তর পায় না। বরং বাবা-মায়ের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত নানা ঘটনার মুখোমুখি হয়।
একদিন সবার অজান্তে বাবা-মায়ের কাছ থেকে চলে যায় সে এবং সড়ক দুর্ঘটনায় আহত হয়। সৌভাগ্যক্রমে পরিচিত হয় এক নিঃসন্তান দম্পতির সঙ্গে। বাবা-মার আদর ভালোবাসা নতুনভাবে আবিষ্কার করে। ততদিনে তার আপন বাবা-মায়ের বোধোদয় হয়। গল্পের রহস্য বাড়তেই থাকে।
ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে ‘বিক্রয়যোগ্য ভালোবাসা’ নাটকটি প্রচার হবে।
/শাকিল