বলিউড অভিনেতা সালমান খান গত এক বছর ধরে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি পেয়ে আসছিলেন। সর্বশেষ বলিউড ভাইজানের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকীর মৃত্যুর পর পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। কিন্তু মৃত্যুর হুমকি সত্ত্বেও শুটিং বা প্রচারণার কাজের প্রতিশ্রুতি ঠিকই পূরণ করে চলেছেন এই সুপারস্টার। এবার লম্বা সময় পর প্রাণনাশের হুমকি পাওয়া নিয়ে মুখ খুললেন এ অভিনেতা।
২০২৪ সালের এপ্রিলে লরেন্স বিষ্ণোই গ্যাং সালমানের বাড়িতে গুলি চালানোর পর থেকে একাধিকবার তাকে হুমকি দিয়ে আসছিল। প্রাণনাশের হুমকির প্রতিক্রিয়ায় সালমান ‘সিকান্দার’-এর প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতা করছিলেন। হুমকি পেয়ে তিনি ভয় পেয়েছিলেন কি না- এর প্রতিক্রিয়ায় সালমান বলেন, ‘সৃষ্টিকর্তা সবই জানেন। যতদিন কপালে আছে ততদিনই বেঁচে থাকব। এটাই সত্য। এত এত মানুষের সঙ্গে চলতে হয় যে, মাঝে মাঝে এটাই আমার জন্য সমস্যা হয়ে দাঁড়ায়।’
লরেন্স বিষ্ণোই এবং ‘কৃষ্ণসার’ মামলার তথ্য অনুযায়ী, বলিউড সিনেমা ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন অভিনেতা সালমান খানের বিরুদ্ধে একটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগের প্রতিশোধ নিতে চেয়েছিলেন বিষ্ণোই। কৃষ্ণসার হরিণকে শ্রদ্ধা করা বিষ্ণোই সম্প্রদায় এই ঘটনায় গভীরভাবে ক্ষুব্ধ হয়েছিল।
ফলস্বরূপ ২০১৮ সালে যোধপুরে আদালতে হাজিরা দেওয়ার সময় লরেন্স বিষ্ণোই বলেছিলেন, ‘আমরা সালমান খানকে হত্যা করব। আমরা যখন এই ব্যবস্থা নেব তখন সবাই জানতে পারবে। আমি এখন পর্যন্ত কিছুই করিনি, তারা বিনা কারণে আমার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনছে।’
উল্লেখ্য, আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সালমান বহুল আলোচিত ছবি ‘সিকান্দার’। ছবিটি পরিচালনা করেছেন ‘গজিনি’খ্যাত নির্মাতা এআর মুরুগাদোস। সম্প্রতি ছবিটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সালমান জানান, তিনি আত্মবিশ্বাসী ছবিটি ২০০ কোটি রুপি অতিক্রম করবে।
/শাকিল