দীর্ঘদিন পর দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী ড. অণিমা রায় যুক্তরাষ্ট্র ভ্রমনে গিয়েছেন। তবে পারিবারিক ভ্রমন হলেও এবারের যাত্রায় নিউইয়র্ক, ডালাসসহ বেশ কিছু রাজ্যে সংবর্ধিত হলেন তিনি।
গত ১৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকো শহরে এক আড়ম্বড়পূর্ণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ড. অণিমা রায়কে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানটি আয়োজন করে বায়োস্কপ ফিল্মস। সানফ্রানসিসকোর ফ্রিমন্ট এলাকার একটি অডিটরিয়ামে আয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা দেন বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ ও নওশাবা রুবনা রশীদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী নন্দিতা ইয়াসমিনসহ একাধিক শিল্পানুরাগী।
আয়োজনের নাম ছিল ‘বৈশাখে রবীন্দ্র সঙ্গীতের আসর’। অনুষ্ঠানের শুরুতে শায়লা জামান দিনা ও রাজশ্রীর গানের পর মূল পরিবেশনায় ১৫ টি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনান কন্ঠশিল্পী ড. অণিমা রায়। শিল্পী তার অনুষ্ঠান শেষ করেন দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধনধান্য পুষ্পভরা’ গানটির মাধ্যমে। মুগ্ধ দর্শকেরা তখন দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও কেঁদে ওঠেন স্বদেশকে মনে করে!
আয়োজন প্রসঙ্গে শিল্পী অণিমা রায় বলেন, ‘আমার এবারের ভ্রমন একেবারেই ব্যক্তিগত। সন্তানকে নিয়ে পরিবারের সাথে অল্প কিছুদিনের জন্য সময় কাটানো। সেখানে এত এত মানুষের ভালোবাসা পাবো, তা সত্যিই আনন্দের। একজন শিল্পী এই ভালোবাসা কুড়াতেই গান করেন। সেখানে নিউইয়র্ক, ডালাস ও সানফ্রানসিসকোতে যে সম্মানটুকু পেলাম। তা সত্যিই অনেকদিন আরো ভালো কিছু গান করার শক্তি জোগাবে।
বিশেষ স্বদেশ পর্যায়ের গানে খেয়াল করলাম দর্শকেরা চোখ মুছছেন। সত্যিই এ এক অভুতপূর্ব প্রাপ্তি আমার। কৃতজ্ঞতা ক্যালিফোর্নিয়ার দর্শকদের প্রতি। এত নিবিষ্ট শ্রোতা দর্শকের সামনে সত্যিই গাইতে ইচ্ছে করে।’
শিল্পী অণিমা রায়ের পরিবেশনায় ছিল আকাশ ভরা সূর্যতারা, এরা সুখের লাগি, গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ, কতবারো ভেবেছিনু, প্রাণ চায় চক্ষু না চায়সহ একাধিক রবীন্দ্রসঙ্গীত ও তিন কবির গানের পরিবেশনা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন যারীন তাসনিম পুলম। যন্ত্রানুসঙ্গে ছিলেন তবলায় প্রদোষ সরকার, কী-বোর্ডে সুজন বিন ওয়াদুদ, গিটারে রায়ান মঈনুদ্দিন।
/শাকিল