বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ। আজ ৮ মে, ২৫ বৈশাখ রবিঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, কবিতা আবৃত্তি, কাব্যনাট্য ও নাটক।
রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘সম্পত্তি সমর্পণ’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘সম্পত্তি সমর্পণ’-এর নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় নাটকটির গল্পে দেখা যাবে- যজ্ঞনাথ কুণ্ডু অত্যন্ত কৃপণ ব্যক্তি। তার কৃপণতার বহর এমনই যে অসুস্থতার সময়ে খরচের ভয়ে তার স্ত্রী ও পুত্রবধূর ওষুধ পর্যন্ত কিনতে চান না।

যজ্ঞনাথের পুত্রবধূ মারা যাওয়ার পরে তার একমাত্র ছেলে দামোদরও তাকে ছেড়ে চলে যায়। সঙ্গে নিয়ে যায় তার নাতি গোকুলকে। একমাত্র এই ছোট্ট শিশুটির প্রতি কিছুটা স্নেহ-ভালোবাসা ছিল যজ্ঞনাথের। কিন্তু তিনি জগতে সবচেয়ে ভালোবেসেছিলেন ঐশ্বর্য ও টাকা-পয়সাকে। কয়েক বছর পরে নিতাই নামের একটি অনাথ ছেলেকে তিনি আশ্রয় দেন।
কিন্তু তিনি নিতাইকে প্রায়ই লোভ দেখাতেন এই বলে যে তার টাকা-পয়সা সবই তাকে দিয়ে যাবেন। হঠাৎ একদিন রাতে ছোট্ট নিতাইকে নিয়ে যজ্ঞনাথ এক গুহার মধ্যে প্রবেশ করেন, যেখানে রাখা আছে তার সঞ্চিত ধনসম্পদ। এরপর নানা নাটকীয়তায় এগিয়ে যায় নাটকের গল্প।
নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, তৌকীর আহমেদ, ফারজানা ছবি, মোহাম্মদ বারী, কাজী জাহাঙ্গীর, সোহেল রশীদ, তুর্য, তামিমসহ আরও অনেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ প্রচারিত হবে রাত ১১টা ৫ মিনিটে।
/শাকিল