জুটি হিসেবে বড় পর্দায় আসতে চলেছেন শবনম বুবলী ও সজল নূর। ইতোমধ্যে ‘শাপলা শালুক’ শিরোনামের নতুন এই সিনেমাটির শুটিংও শুরু হয়েছে। বর্তমানে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ছবির শুটিং করছেন তারা। সেই সেটে এবার অনাকাঙ্খিত এক ঘটনা ঘটল।
গতকাল বুধবার সকালে হঠাৎ একদল হাতির আক্রমণে শুটিং সেটের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করে শুটিংয়ের অনুমতির নিয়ে প্রশ্ন তুলেছেন খ্যাতনামা অভিনেত্রী জয়া আহসান।
নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এই অভিনেত্রী লেখেন, ‘বনের ভেতর এই আরেক উপদ্রব। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট ক্যামেরা অ্যাকশন শুরু করা যায়? মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গান-বাজনা, এগুলো কি অ্যালাউ করা ঠিক হবে এ রকম একটা সেনসিটিভ জায়গায়?’
এমন একটি ঘটনার পর ছবির পরিচালক রাশেদা আক্তার লাজুক দেশের এক সংবাদমাধ্যমকে বলেন, ‘সিনেমাটি অ্যাকশন, রোমান্টিক এবং পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের। এতে কিছুটা ক্লাসিক্যাল ঘরানার ছোঁয়াও রয়েছে। শেরপুরে আমরা প্রথম লাটের শুটিং শেষ করেছি।
এখানে আরও কয়েকদিন শুটিং করবো। এর মধ্যেই অঘটন ঘটে গেল, তবে আমরা সবাই নিরাপদে আছি।’ উল্লেখ্য, এর মাধ্যমে প্রথমবারের মতো সজল-বুবলী জুটি হিসেবে বড় পর্দায় আসছেন।
/এমএস