এবার নতুন রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতদল বিটিএস। প্রথমবারের মতো শিল্পীদের কোন দল হিসেবে একটি নির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্মে তিন কোটির বেশি অনুরাগীর সংখ্যা ছাড়িয়েছে তারা যা একটি রেকর্ড। দক্ষিণ কোরিয়ার শিল্পী ও ভক্তদের সরাসরি যোগাযোগের মাধ্যম উইভার্স এ তিন কোটি অনুসারী ছাড়ানোর রেকর্ড গড়ে তারা যা আগে আর কোন শিল্পী বা সংগীতদল করতে পারেনি।
এককভাবে এই মাইলফলক স্পর্শ করার বিষয়টি গত ২০ জুলাই বিটিএসের পক্ষ থেকে সংবাদমাধ্যমে নিশ্চিত করা হয়। দলের অন্যতম সদস্য জিন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসাত্মকভাবে লেখেন, ‘গর্ব করার মতো কিছু পোস্ট করতে বলেছিল, এই নাও!’ পোস্টটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার সংগীত দল হলেও বিশ্বব্যাপী বিটিএসের ভক্তকুল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সাত সদস্যের এই দলটি ২০১০ সালে বাংটন বয়েজ বা বিটিএস নামে গঠিত হয়। আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জাংকুক হলেন ব্যান্ডটির সদস্য।
আর যে অনলাইন প্ল্যাটফর্মে বিটিএস ইতিহাস গড়েছে, সেই উইভার্স প্রথম চালু হয়েছিল ২০১৯ সালের জুন মাসে। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ভক্তরা তাদের পছন্দের শিল্পীদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান। বিভিন্ন গোপন ভিডিও যেমন দেখতে পারেন, তেমনি বিশেষ বার্তাও শুনতে পারেন। এমনকি সাইটটিতে শিল্পীদের পণ্য এবং অনুষ্ঠানের টিকিট সংগ্রহের বিশেষ সুবিধাও রয়েছে। এসব কারণেই সাইটটি এত দ্রুত তিন কোটির বেশি অনুসারী সংখ্যা পেরোতে পেরেছে বলে সকলের ধারণা।
প্রসঙ্গত, বর্তমানে এই দলটির সব ব্যস্ততা নতুন গানের কাজ নিয়ে। দক্ষিণ কোরিয়া সরকারের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন শেষে তারা আবারও একসঙ্গে গানের কাজ শুরু করেছেন। জানা গেছে, আগামী বছর বিটিএস তাদের নতুন অ্যালবাম প্রকাশ করবে। এই খবরে ইতোমধ্যে তাদের ভক্তরা ব্যাপক আগ্রহী হয়ে উঠেছে। বলা যায়, বিটিএস নিজেদের শক্তভাবে একটি বৈশ্বিক সাংস্কৃতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার পথে রয়েছে।
/এমএস